২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাপের সমাজে কাঠগোলাপদের গল্প

“সিনেমার গল্পটা এমন এক সমস্যা ঘিরে আবর্ত হয়েছে, যেটা আমরা সবসময় দেখি, আমাদের আশেপাশেই থাকে; কিন্তু তাদের সমস্যার কথাটা কাউকে বলে না।”

গোলাপের সমাজে কাঠগোলাপদের গল্প

কাঠগোলাপ সিনেমার শুটিং

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 01:39 PM

Updated : 26 Oct 2022, 01:39 PM

সমাজ জটিল, মানব মনস্তত্ত্ব আরও জটিল। এই সমাজেই কেউ কেউ আছেন, যারা গোলাপের মতই সুবাস ছড়ান, কিন্তু মানবীয় সম্পর্ক আর মনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বেঁচে থাকেন ‘কাঠগোলাপ’ হয়ে। সেই সব মানুষের কথা এবার সিনেমায় বলবেন নির্মাতা সাজ্জাদ খান।

গত ১৬ অক্টোবর থেকে চলছে ‘কাঠগোলাপ’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। অপূর্ণ রুবেলের গল্পে এ সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, দিলরুবা হোসাইন দোয়েল, একে আজাদ সেতু, মেঘলা মিজান মুক্তা, কেয়া, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব।

‘সাহস’ বানিয়ে আলোচনায় আসা সাজ্জাদ খানের দ্বিতীয় সিনেমা এটি। সোমবার শুটিংয়ের ফাঁকে কথা হল ‘কাঠগোলাপ’ নিয়ে। ঠিক কাদের কথা তিনি এ সিনেমায় বলতে চান, এখনই তা শব্দ দিয়ে নির্দিষ্ট করতে চান না এই পরিচালক। তবে কথায় কথায় ইংগিত দিলেন কিছুটা। 

Image

কাঠগোলাপ সিনেমার শুটিং

গ্লিটজকে তিনি বলেন, “সিনেমার গল্পটা এমন এক সমস্যা ঘিরে আবর্ত হয়েছে, যেটা আমরা সবসময় দেখি, আমাদের আশেপাশেই থাকে; কিন্তু তাদের সমস্যার কথাটা কাউকে বলে না। একদিন এমন একটা ঘটনা আমি জানতে পারি। তখনই মনে হয়েছে বিষয়টা উঠে আসা দরকার। সেই থেকে গল্প নিয়ে ভাবা। আমার মনে হয় সিনেমাটা মুক্তির পর দর্শক বুঝতে পারবেন কোন সমস্যাটা আমরা তুলে ধরছি।”

অপূর্ণ রুবেল বললেন, মানব মনের যে জটিলতার কথা তিনি গল্পে বেঁধেছেন, তা নিয়ে সিনেমা খুব বেশি হয়নি।

“প্রায় এক দেড় বছর এটা নিয়ে গবেষণা করেছি। এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত একটা গোষ্ঠী আছে, তাদের সঙ্গে আমি আলাপ করেছি। বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি।”

“গুগল ইউটিউব থেকে বিভিন্ন তথ্য নিয়েছি। কিন্তু এই বিষয় নিয়ে কোনো সিনেমা আমার চোখে পড়েনি। দুই একটা শর্টফিল্ম পেয়েছি। এই সমাজের প্রতিনিধিদের দুই একজনের কথোপকথন পেয়েছি। কিন্তু পুরো সিনেমা কোথাও পাইনি।”

Image

কাঠগোলাপ সিনেমার শুটিংয়ে সাজ্জাদ খান

রুবেল বলেন, “দুই একটা শর্টফিল্ম আর তাদের কথোপকথনই আমাদের গল্পে রসদ জুগিয়েছে। তার সঙ্গে যোগ করেছি আমাদের সমাজব্যবস্থা।”

সিনেমার নাম কাঠগোলাপ কেন? রুবেল বললেন, “কাঠগোলাপ সুবাস ছড়ায়; কিন্তু গোলাপের মত এই ফুল সব জায়গায় পাওয়া যায় না। সেই জায়গা থেকে চিন্তা করলে, কাঠগোলাপ সুঘ্রাণ কিন্তু অপ্রতুল একটি ফুলের নাম। সিনেমায় যাদের গল্প বলছি, তারা আমাদের সমাজে সুবাস ছড়াচ্ছে, কিন্তু তাদের আমরা সচরাচর দেখি না।”

চন্দ্রাবতী কথা ও লাল মোরগের ঝুঁটি সিনেমার অভিনেত্রী দিলরুবা দোয়েল কাঠগোলাপে অভিনয় করছেন এক ‘সচেতন মেয়ের’ চরিত্রে।

“এখন আমরা বিভিন্নরকম সামাজিক ও পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছি। যে বিষয়গুলো আগেও আমাদের মাঝে ছিল; কিন্তু সেটা নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করিনি। অথবা বলার সুযোগ হয়ে ওঠেনি। এখন প্রতিটি মানুষ তার জীবনবোধ ও অধিকারের ব্যাপারে সচেতন। আমরা চাইছি গল্পটা দর্শক সরাসরি দেখুক। এজন্য চরিত্র নিয়ে কিছু বলছি না।”

মেঘলা মিজান মুক্তা দুটি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। এবার দেশেও কাজ করতে পেরে ‘ভালো লাগছে’ বলে জানালেন।

“সাজ্জাদ ভাই যখন কাঠগোলাপের গল্পটা বললেন, আমার কাছে বিষয়টা নতুন এবং ইউনিক লেগেছে। আমি সবসময় চেষ্টা করি সমাজকে বার্তা দেওয়া যাবে এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে। সেই জায়গা থেকেই কাঠগোলাপে যুক্ত হওয়া।”

Image

বিডিনিউজের সঙ্গে আলাপকালে গল্পকার অপূর্ণ রুবেল

অভিনেত্রী কেয়াও আশাবাদী, এ সিনেমার গল্প দর্শককে ভিন্ন অভিজ্ঞতা দিতে পারবে। 

“আমি সবসময় যে ধরনের গল্পে কাজ করি, তাতে নাচ-গান-অ্যাকশন থাকে। কাঠগোলাপ সেই জায়গা থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি সিনেমা। কাজ করে আনন্দ পাচ্ছি।”

নির্মাতা সাজ্জাদ খান জানালেন, সিনেমার শুটিং হয়েছে পান্থপথ, উত্তরা, হাতিরঝিল, মিরপুর ডিওএইচএস, শান্তা মারিয়াম ইউনিভার্সিটিসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আগামী বছর মুক্তি পাবে ‘কাঠগোলাপ’। তার আগে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে আসার পরিকল্প রয়েছে তাদের।