Published : 15 Oct 2024, 09:11 PM
যে সিনেমা দিয়ে ঢাকাই সিমেনার নায়িকা শাবনূর বিরতি ভাঙছেন, সেই ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু হতে যাচ্ছে ডিসেম্বরে।
শুটিংয়ের খবর গ্লিটজকে জানিয়েছেন সিনেমার পরিচালক আরাফাত হোসাইন।
তিনি বলেছেন, প্রথম পর্বের শুটিংয়ের পর প্রায় আটমাসের বিরতিতে আছেন এই নায়িকা; অস্ট্রেলিয়ার সিডনি থেকে আগামী মাসে দেশে ফিরছেন তিনি।
হোসাইন বলেন, "দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। এ কারণেই দীর্ঘ একটা বিরতি। আমাদের সব প্রস্তুতি এখন সম্পন্ন। আশা করছি ডিসেম্বরে আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করতে পারব।"

সময় নিয়ে ‘রঙ্গনার’র কাজ করার জন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে হোসাইনকে।
সে বিষয়ে তিনি বলেন, "অনেকে অনেক ধরনের সমালোচনা করেন। নির্মাণ নিয়েও প্রশ্ন তুলছেন। তবে আমি তো জানি আমি কোন পথে এগিয়ে আমার কাজটা শেষ করছি। আমি নিজেও শাবনূর আপুর একজন বিশাল ভক্ত৷ আমার নির্মাণে তার ফেরা, এটা কেবল সময়ের অপেক্ষা। আশা করছি এই সিনেমাটি সবার পছন্দ হবে।"
গত বছরের শেষ নাগাদ দেশে ফিরে ঘটা করে সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন শাবনূর। চলতি বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণের কাজ শুরু হয়। পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে।

‘রঙ্গনা’ দিয়ে সিনেমা নির্মাণে অভিষেক হচ্ছে হোসাইনের। রোমান্টিক এবং থ্রিলার ঘরানার চিত্রনাট্যের পরতে পরতে ‘সাসপেন্স’ খেলা করে বলে ভাষ্য পরিচালকের।
তবে সিনেমায় শাবনূরের চরিত্র নিয়ে এখনই খোলাসা করতে চান না হোসাইন।
তবে প্রকাশ হওয়া একটি পোস্টার জানিয়ে দিয়েছে, শাবনূর ‘রঙ্গনায়’ আসছেন দ্বৈত চরিত্রে। দুটির মধ্যে একটি চরিত্রের দৃশ্যধারণ শেষ হয়েছে, আরেকটির কাজ শুরু হবে ডিসেম্বরে। নিজেকে তৈরি করার প্রস্তুতি নিতেই গত কয়েকমাস ধরে শাবনূর সিডনি আছেন।
হোসাইন বলেন, "শাবনূর আপুর চরিত্রটা খুব কঠিন বলা যায়। যেটা পর্দায় না দেখলে আসলে বোঝা যাবে না। গল্প এবং চরিত্রের রহস্য প্রেক্ষাগৃহের জন্য রেখে দিতে চাই।"

এমন জনপ্রিয় একজন নায়িকা নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জ কতটা প্রশ্নে পরিচালক বলেন, “চ্যালেঞ্জের কোনো ব্যাপার না। আমি তো সিনেমায় সহকারী পরিচালক হিসেবে অনেক বছর কাজ করেছি। একেবারে নতুন হয়ে যদি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে যেতাম তাহলে হয়ত ভয় কাজ করত৷
“যেহেতু পাঁচ থেকে ছয় বছর কাজ করেছি সেই জায়গা থেকে সিনেমা নির্মাণের সাহস আছে। আর শাবনূর আপুকে কে নিয়ে প্রথম সিনেমা, বা তাকে পর্দায় ফেরানো, এটা ভালো লাগার বিষয়। আমি নিজেই এই নায়িকার একজন বিশাল ভক্ত৷ আমার নির্মাণে তার ফেরা, এটা যেমন ভালো লাগা তেমনি শুধু সময়ের অপেক্ষা।”
‘রঙ্গনা’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারসহ অনেকে।
৯ বছর পর ক্যামেরার সামনে আসছেন চিত্রনায়িকা শাবনূর
এই ফেরাকে 'কামব্যাক' বলতে চাই না: শাবনূর
বিরতির পর শাবনূরের প্রথম সিনেমা 'রঙ্গনা'
মাহফুজের অনুরোধে নেকাব ছাড়া শাবনূর, প্রশংসায় ভাসল 'প্রহেলিকা'
চলচ্চিত্রে ফিরতে 'ভালো গল্পের' অপেক্ষায় শাবনূর