Published : 06 Jan 2024, 03:57 PM
‘রঙ্গনা’ নামের যে সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে আট বছরের বিরতি ভাঙছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর, সেই সিনেমার ফার্স্ট লুক দিয়ে চমকে দিয়েছেন তিনি।
সোশাল মিডিয়ায় ফার্স্ট লুকের ছবি নিজেই প্রকাশ করেছেন শাবনূর। ছবিতে তিনভাবে দেখা গেছে শাবনূরকে। এক ছবিতে নেকাবে ঢাকা শাবনূর। আরও দুই ছবিতে আগ্নেয়াস্ত্র এবং গোলাপফুল হাতে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে রঙ্গনা’।
পোস্টের পর ছবিটি গত ২৪ ঘণ্টায় হাজারের কাছে কমেন্ট কুড়িয়েছে, শেয়ার হয়েছে ৪০টি। এবং ছবিতে বন্যা বয়ে গেছে কমেন্টের।
ফেইসবুকে শাবনূর বলেছেন ‘রঙ্গনার’ শুটিংয়ের প্রস্তুতি চলছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষে দলবল নিয়ে মাঠে নামবেন সিনেমার নির্মাতা আরাফাত হোসাইন।
এই সিনেমার মাধ্যমে বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আরাফাত প্রথামবারের মত সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। আরাফাতের পরিকল্পনা চলতি বছরের দুই ঈদের একটিতে ‘রঙ্গনা’ মুক্তি দেওয়ার।

নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমায় শাবনূরের নায়ক কে হচ্ছেন সে বিষয়ে নায়িকা বা নির্মাতা কেউই আভাস দেননি।
কিছুদিন আগে জানা গিয়েছিল, চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'মাতাল হাওয়া' সিনেমা দিয়ে অভিনয়ের বিরতি ভাঙতে যাচ্ছেন শাবনূর। ওই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।
পরে শাবনূর নিজেই জানান, ‘মাতাল হাওয়া’ নয়, ঢাকায় ফিরে তার প্রথম সিনেমা হতে চলেছে ‘রঙ্গনা’।

শাবনূর জানিয়েছেন, সাত মাস আগে অস্ট্রেলিয়ায় থাকার সময় তার কাছে সিনেমার গল্প হাতে আসে। গল্প পড়ে কাজ হাতে নিতে রাজি হন তিনি। এখন তিনি নিজেকে তৈরি করতে সময় নিচ্ছেন। 'রঙ্গনায়' দর্শকরা ভালো কিছু পাবে বলে আশা করছেন এই নায়িকা।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘চাঁদনী রাতে’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। সিনেমায় আসার পর পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর।
পরে প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে শাবনূরে জুটি হয়ে উঠে দারুণ জনপ্রিয়; তাদের অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘তুমি আমার’সহ বেশ কয়েকটি সিনেমা ছিল বেশ ব্যবসা সফল।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।
সিনেমা থেকে বর্তমানে দূরে সরে থাকা শাবনূর ছেলেকে নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন।
আরও পড়ুন:
বিরতির পর শাবনূরের প্রথম সিনেমা 'রঙ্গনা'
মাহফুজের অনুরোধে নেকাব ছাড়া শাবনূর, প্রশংসায় ভাসল ‘প্রহেলিকা’