১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোমান্টিক থ্রিলারে অপু বিশ্বাস ও সজলের ‘দুর্বার’

ঢাকা, যশোর, নেপাল ও ইন্দোনেশিয়া হবে সিনেমার দৃশ্যধারণ।

রোমান্টিক থ্রিলারে অপু বিশ্বাস ও সজলের ‘দুর্বার’
আবদুন নূর সজল, অপু বিশ্বাস ও পরিচালক কামরুল হাসান ফুয়াদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানায় নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন নির্মাতা কামরুল হাসান ফুয়াদ। ‘দুর্বার’ নামের সেই সিনেমায় জুটি বাঁধছেন আবদুন নূর সজল ও অপু বিশ্বাস।

নির্মাতা ফুয়াদ গ্লিটজকে জানিয়েছেন, সিনেমার লোকশন ঠিক করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিজয় দিবসের দিন সিনেমার দৃশ্যধারণের কাজ শুরুর পরিকল্পনা রেখেছেন পরিচালক।  

সিনেমাটি নিয়ে পরিচালক ফুয়াদ বলেন, “রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা এটি। আমাদের প্রি প্রোডাকশনের কাজ শেষ। ১৬ ডিসেম্বর থেকে একটানা দৃশ্যধারণের কাজ চলবে। ঢাকা, যশোর, নেপাল ও ইন্দোনেশিয়া হবে সিনেমার দৃশ্যধারণ।"  

এতে আরও অভিনয় করবেন জান্নাতুল নূর, সানজু জনসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

কিছুদিন আগে এই নির্মাতা ঘোষণা দিয়েছিলেন একজন পুলিশ অফিসারের কর্তব্যবোধ এবং দেশপ্রেমের গল্প নিয়ে 'দেশ' নামের সিনেমা নির্মাণ করবেন তিনি। যেটির শুটিং ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।  

শিডিউল জটিলতায় ‘দেশ’ সিনেমার কাজ আটকে গেছে জানিয়ে পরিচালক বলেন, “সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা নিরব হোসেনের পরপর দুইটি সিনেমা নিয়ে ব্যস্ততা থাকায় শিডিউল জটিলতা তৈরি হয়েছে, তাছাড়া সিনেমার লুক তৈরি করতে কিছুটা সময় প্রয়োজন তাই আগে 'দুর্বার' সিনেমার কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”

চলতি বছর শবনম বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন সজল। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক।  

সিনেমার পাশাপাশি ডাবিং আর্টিস্ট হিসেবেও ব্যস্ত সময় পার করছেন সজল। একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিং করছেন তিনি।

অন্যদিকে, অপু বিশ্বাস সম্প্রতি যুক্ত হয়েছেন বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ নামের সিনেমায়। এতে অপুর নায়ক হচ্ছেন আদর আজাদ।