কেন বাদশা-বন্দনায় মজেছে অনুরাগীরা?
বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে শাহরুখের আচরণ অভিভূত করেছে ভক্তদের।
শুধু বলিউড নয়, শাহরুখ খান ভক্তদের হৃদয়েরও বাদশা। অভিনয়ের বাইরেও তার জাদুতে আচ্ছন্ন থাকেন ভক্ত-অনুরাগীরা। ক্যারিয়ারে তিন দশক পার করার পরও অনুরাগীদের হৃদয়ে তার আসন টলেনি একটুও, সম্প্রতি তারই প্রমাণ মিলেছে আবার।
বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে দেখা মিলেছে শাহরুখের। সেদিনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলে নায়কের আচরণ ফের ভক্তদের অভিভূত করেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
বাদশা-বন্দনায় এক ভক্ত লিখেছেন, “একটাই তো মন শাহরুখ, কতবার জিতবে?”
আরেকজনের ভাষ্য, “উফ! পুরো মাটির মানুষ। উনার এক হাসিতেই সকলে ফিদা। দারুণ দেখাচ্ছে বাদশাকে।”
অন্য এক ভক্ত লিখেছেন, “কিং খানের চার্ম এক কথায় অতুলনীয়। ডানকির জন্য শুভকামনা।”
সেদিন শাহরুখ তার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দরে পৌঁছান। বন্দুকধারী সিকিউরিটি গার্ডদের মধ্য দিয়ে হেঁটে এন্ট্রি গেটের দিকে যেতে দেখা যায় তাকে। প্রবেশ গেটে পৌঁছেই নিজের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজ সিআইএসএফ অফিসারদের হাতে হাসিমুখে তুলে দেন ভেরিফিকেশনের জন্য।
সেদিন কালো পোশাকের সাথে ম্যাচিং কালো সানগ্লাসে পরেছিলেন কিং খান; লম্বা চুল হেয়ারব্যান্ডের সাহায্যে পেছনে ফেলে রেখেছিলেন।
শিগগিরি মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডানকি’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় পাঞ্জাবের তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে।
বাদশার সঙ্গে এই সফরে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি।
শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট, রাজ কুমার হিরানি ফিল্মস এবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি এই সিনেমা মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
