২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গেলেন অপু বিশ্বাস

লস অ্যাঞ্জেলেস শহরে ৬ ও ৭ মে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশ, তাতে যোগ দেবেন অপু বিশ্বাস।

যুক্তরাষ্ট্রে গেলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাসের ফেইসবুক থেকে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2023, 12:39 PM

Updated : 04 May 2023, 12:39 PM

প্রবাসীদের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বুধবার বিমানে বসে তিনি সেলফি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ছবিও শেয়ার করেছেন ফেইসবুকে। সেখানে ওয়েস্টিন বোনভেঞ্চার হোটেলে তিনি উঠেছেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে লস অ্যাঞ্জেলেস শহরে ৬ ও ৭ মে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশ (বাফলা)।

এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে, এ আয়োজনে অপু বিশ্বাস ছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস। এছাড়া অভিনেতা মীর সাব্বির, নৃত্যশিল্পী নাদিয়া আহমেদসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজন তারকা উপস্থিত থাকবেন।

Image

অপু বিশ্বাসের ফেইসবুক থেকে

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এ আয়োজন হয়ে আসছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেস থেকে দেশে ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসের।

গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’। দেশে ফিরে তিনি শাহরিয়াজ নাজিম জয় পরিচালিত ‘স্বর্গ’ সিনেমার শুটিং করবেন।