২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির বার্তা নিয়ে ঢাকায় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু

“বিশ্বজুড়ে অর্থনৈতিক ও সভ্যতার সংকট যখন দিন দিন প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে, তা বোঝা ও মোকাবিলা করতে রবীন্দ্রনাথ ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছেন,” বলেন শিক্ষাবিদ সৈয়দ আকরম হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 07:23 PM

Updated : 14 Oct 2022, 07:26 PM

'আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে?' বোধনসংগীতের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের ৪০তম আসর।

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ আসর উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।

এ সময় ৪০ শিক্ষাবিদ, সংস্কৃতিজন একসঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন, যারা জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন বলে ঘোষণায় জানান সঞ্চালক ত্রপা মজুমদার।

অধ্যাপক সৈয়দ আকরম হোসেন বলেন, “আমাদের সবুজ গ্রহটা এখন রক্তাক্ত। শুকিয়ে গেছে সবুজ। কী করা যেতে পারে? এখন মানুষের মনুষ্যত্ববোধ, নন্দনবৃত্তি, সুকুমারবৃত্তি, সংবেদশনশীলতা, সহমর্মিতার জাগরণ ঘটাতে হবে। এই জাগরণ ঘটানোর অন্যতম পন্থা হল সংগীত।

“বিশ্বজুড়ে অর্থনৈতিক ও সভ্যতার সংকট যখন দিন দিন প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে, তা বোঝা ও মোকাবিলা করতে রবীন্দ্রনাথ ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছেন।”

সমাজে এখন অশুভ শক্তি প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম বলেন, “এই শক্তি এদেশের ধর্মপ্রাণ মানুষকে ভুল বার্তা দিয়ে সমাজে অশান্তির পরিবেশ তৈরি করতে চায়। সেই শক্তিকে ধিক্কার জানানোর পাশাপাশি এবার প্রতিহত করার সময় এসে গেছে। এবারের সম্মেলনজুড়ে আমরা সেই কথাই বারবার উচ্চারণ করব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় পরিবেশিত হচ্ছে গীতি-আলেখ্য ‘তোমায় নতুন করে পাব’।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকালে 'সম্প্রীতির সমাজ গঠনে সংস্কৃতির দায়' শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মিলন পরিষদের সহ সভাপতি ড. সারওয়ার আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন নাসিরউদ্দীন ইউসুফ ও অধ্যাপক সাধন ঘোষ।

সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার বিকাল সাড়ে ৪টায়৷ সেদিন অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম৷ এই অধিবেশনে রবীন্দ্র পদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে প্রয়াত সঙ্গীতসাধক নীলোৎপল সাধ্য ও মিতা হককে।

১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের প্রয়াণ দিবসে কাজ শুরু হয়েছিল 'জাহিদুর রহিম স্মৃতি পরিষদ' এর। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে পরে বাঙালির চিরকালের সঙ্গী রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনের নাম করা হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

এরপর এ সংগঠনের মূল লক্ষ্য হয়ে উঠেছে প্রতিবন্ধকতা দূর করে বাঙালি সংস্কৃতির সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের ধারাকে সমৃদ্ধ ও গতিশীল করে তোলার উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা।

নাম পরিবর্তন হলেও প্রয়াত স্মরণীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতিকর্মী জাহিদুর রহিমের স্মৃতি ধরে রাখার জন্য 'জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার' প্রতিযোগিতার আয়োজন বহাল রয়েছে। বর্তমানে সম্মিলন পরিষদের সক্রিয় শাখা ৮৪টি।