২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে টিভিতে থাকছে সালমান-শাবনূরের সিনেমাও

প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর, সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস এবং মৌসুমী-ফেরদৌস আহমেদের সিনেমা রাখা হয়েছে এবারের তালিকায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 06:16 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

বিটিভিসহ দেশের টেলিভিশনগুলো তাদের ঈদের অনুষ্ঠানে নাটক-টেলিফিল্মের পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা রেখেছে। সেই তালিকায় গেলবছর মুক্তি পাওয়া সিনেমা যেমন আছে, তেমনি রাখা হয়েছে নব্বই দশকের চলচ্চিত্রও। 

ঈদুল আজহার দিন সোমবার বিটিভি, চ্যানেল আই, দীপ্ত টিভি, আরটিভি, এনটিভিসহ বিভিন্ন টেলিভিশনের পর্দায় দেখান হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘বাই সাইকেল ও ভালোবাসা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘মিশন এক্সট্রিম’, ‘লোকাল’, ‘অন্তর্জাল’ ও ‘স্বপ্নের  বাসর’সহ কয়েকটি সিনেমা। 

প্রয়াত নায়ক সালমান শাহ-শাবনূর, সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস এবং মৌসুমী-ফেরদৌস আহমেদের সিনেমা রাখা হয়েছে এবারের তালিকায়। তেমনি হালের নায়িকা শামসুন্নাহার পরীমনি, বুবলী, সিয়াম আহমদের সিনেমাও দেখানো হবে টেলিভিশনের পর্দায়। 

পরীমনির সিনেমা বিটিভিতে

বিটিভিতে ঈদের দিন সোমবার বেলা ১২টা ২০ মিনিটে প্রচার হবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শামসুন্নাহার স্মৃতি পরীমনি, আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

চ্যানেল আইয়ে ‘বাই সাইকেল ও ভালোবাসা’

ঈদের সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘বাই সাইকেল ও ভালোবাসা’। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সাদ নাওভি, শহিদুল আলম সাচ্চু।

দীপ্ত টিভিতে শকিব খানের সিনেমা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘ভালোবাসা আজকাল’ দীপ্ততে টিভিতে দেখানো হবে ঈদের দিন বেলা ১টায়। 

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বিটিভি ছাড়াও দীপ্ত টিভিতে প্রচার হবে সকাল ৯টায়। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শামসুন্নাহার স্মৃতি পরীমনি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকারসহ আরো অনেকে।

বুবলীর ‘লোকাল’ মাছরাঙায়’ 

অভিনেত্রী শবনম বুবলী এবং আদর আজাদের সিনেমা ‘লোকাল’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে দুপুর ২টা ২০ মিনিটে। 

শাকিব খানের ‘নবাব’ দেখাবে এনটিভি

শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’ সিনেমাটি প্রচার হবে বিকেল সাড়ে ৪টায় এনটিভিতে। 

শাকিব আছেন আরটিভিতেও

শাকিব খানের ‘নবাব’ সিনেমটি ঈদের দিন দেখাবে আরটিভিও। দুপুর ২টা ১০ মিনিটে সিনেমাটি প্রচার হবে। 

সালমান শাহ ও শাবনূরের সিনেমা নাগরিক টিভিতে

ঈদের দিন তিনটি সিনেমা দেখানোর পরিকল্পনা নিয়েছে নাগরিক টিভি। বেলা ২টা ১০ মিনিটে শাকিব খান ও অপু বিশ্বাসের ‘ফুল অ্যান্ড ফাইনাল’ প্রচার করবে তারা। 

‘মিশন এক্সট্রিম’ প্রচার হবে এই চ্যানেলে বিকেল ৪টায়। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী। 

প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ এবং শাবনূর অভিনীত ‘স্বপ্নের বাসর’ প্রচার হবে রাত ১২টায়।  

মৌসুমীর সিনেমা বৈশাখীতে

চিত্রনায়িকা মৌসুমী, ফেরদৌস আহমেদ এবং প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের সিনেমা ‘খায়রুন সুন্দরী’ বৈশাখী প্রচার করবে ঈদের দিন দুপুর আড়াইটায়।  

শাকিব-অপু আছেন বাংলাভিশনেও

শাকিব খান ও অপু বিশ্বাসের ‘কিং খান’ সিনেমা প্রচার হবে বাংলাভিশনেরে পর্দায় ঈদের সকাল ১০টা ১০ মিনিটে।