১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘দোলা রে দোলা’: শুটিংয়ের সময় মাধুরী অন্তঃসত্ত্বা ছিলেন?

বড় ছেলে অরিন নেনের জন্মসালের কথা তুলে ধরেও হিসাব পরিষ্কার করেছেন মাধুরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 02:35 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বলিউডের ইতিহাসে ‘দেবদাস’ সিনেমার আলোচিত ‘দোলা রে দোলা’ গানে নাচে ঝড় তুলেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

দুই দশকের বেশি সময় পর গানটি নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। তা হল শুটিংয়ের সময় নাকি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী । তবে সেই দাবি স্পষ্টভাবে খারিজ করে দিয়েছেন অভিনেত্রী নিজেই।

এনডিটিভি জানিয়েছে প্রয়াত কোরিয়োগ্রাফার সরোজ খানের প্রাক্তন সহযোগী রুবিনা খান এই দাবি করেছিলেন। 

মাধুরী জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভুল। বড় ছেলে অরিন নেনের জন্মসালের কথা তুলে ধরেও  হিসাব পরিষ্কার করেছেন মাধুরী।

‘দেবদাস’ মুক্তি পেয়েছিল ২০০২ সালের ১২ জুলাই। তার আগে কান চলচ্চিত্র উৎসবে ২০০২ সালের ২৩ মে সিনেমার প্রদর্শনী হয়। সিনেমার কাজ শুরু হয় মুক্তির দুবছর আগে ২০০০ সালে, শেষ হয়েছিল ২০০২ সালের এপ্রিল মাসে। 

আর মাধুরীর বড় ছেলে অরিনের জন্ম ২০০৩ সালের মার্চ মাসে। 

এক সাক্ষাৎকারে হাসতে হাসতেই অভিনেত্রী বলেন, “অরিনের জন্ম ২০০৩ সালে। তাই হিসাবটা আপনারাই করে নিন।”

সরোজ খানের প্রাক্তন সহযোগী রুবিনা খান দাবি করেছিলেন, ‘দোলা রে দোলা’ গানের শুটিংয়ের সময়ে চার মাসের অন্তঃসত্ত্বা থাকার কারণে মাধুরীর নাচতে অসুবিধা হচ্ছিল। 

মাধুরীর কথায়, শুটিং অবশ্যই খুব কষ্টকর ছিল। কিন্তু তার কারণ গর্ভাবস্থা নয়। 

তিনি বলেন, “সেই সময়ে বার বার দেশে ও বিদেশে যাওয়া-আসা করতে হচ্ছিল। পাশাপাশি, আমার বেশিরভাগ শুটিংই রাতে হত। তাই কাজটা খুবই ক্লান্তির ছিল। আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম, কিন্তু অন্তঃসত্ত্বা ছিলাম না।”

শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ পরিচালনা করেন সঞ্জয়লীলা বানসালি। সিনেমায় দেবদাস চরিত্রে ছিলেন শাহরুখ খান, পার্বতী চরিত্রে ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রমুখীর ভূমিকায় মাধুরী দীক্ষিত।

‘দোলা রে দোলা’ গানে মাধুরী ও ঐশ্বরিয়া রাইয়ের নাচ বলিউডের অন্যতম সেরা নাচের কোরিওগ্রাফি হিসেবে বিবেচিত হয়। সংগীত পরিচালক ইসমাইল দরবারের সুরে গানটি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল ও কেকে।

গানটির কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান। মাধুরী বরাবরই বলে এসেছেন সরোজ খানের নির্দেশনা নিয়ে তার কোনো প্রশ্ন থাকত না। কোরিওগ্রাফার যা বলতেন, সেটাই তিনি নিখুঁতভাবে করার চেষ্টা করতেন।

১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। বিয়ের পরেও তিনি সিনেমায় কাজ চালিয়ে গেছেন। তবে ‘দেবদাস’ ছিল মাতৃত্বের জন্য বিরতি নেওয়ার আগে তার শেষ বড় সিনেমা।