রিয়াদ সিজনে গান শোনাবেন জেমস
রিয়াদ সিজনের অংশ হিসেবে ২২ নভেম্বর আল-সুওয়াইদি পার্কে বসবে জেমসের গানের আসর।
প্রথমবার সৌদি আরবে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন দেশের তারকা ব্যান্ডশিল্পী মাহফুজ আনাম জেমস।
আসছে ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন জেমস। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে বুধবার তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।
তিনি বলেন, "সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মত রিয়াদে যাচ্ছি। এ আয়োজনে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে।"
এদিকে ২৩ নভেম্বর রিয়াদ সিজনে গান শোনাবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
ফেইসবুকে এক ভিডিও বার্তায় পড়শী বলেন, "২০২৪ সালের রিয়াদ সিজনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। ২৩ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আমার ব্যান্ড বর্ণমালাকে নিয়ে প্রবাসী বাঙালিদের গান শোনাব। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে আমন্ত্রণ।"
রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে।
এ আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ২০ থেকে ২৩ নভেম্বর রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
