Published : 08 Feb 2026, 09:29 PM
বলিউডের তিন বড় সুপারস্টারকে নিয়ে নিজের মতামত জানিয়ে ফের আলোচনায় এসেছেন অভিনেতা ইমরান খান। তার মতে, তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার পর্দায় নিজেদের ধরে রাখা শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সময়ের সঙ্গে বদলানো উচিত।
এছাড়া নায়কের চরিত্র থেকে তিনজনেরই সরে আসা উচিত বলেও মনে করেন তিনি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, আমির খানের ভাগ্নে ইমরান বলেন, “ত্রিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকরা খানদের পূজা করে এসেছে। কিন্তু একটা বয়সের পর আর নায়ক হিসেবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে যাওয়া যায় না।”
ভারতীয় বিনোদনভিত্তিক ডিজিটাল মাধ্যম শোশা-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান এ মন্তব্য করেন।
তার কথায়, “সময়ের সঙ্গে তারকাখ্যাতি বদলায়। নায়ক হিসেবে কাজ করা অভিনেতাদেরও একসময় বয়স বেড়ে যায়।
“কিছু নির্দিষ্ট সময় থাকে যখন আপনি নায়ক হিসেবে কাজ করতে পারেন, তারপর এমন একটা বয়স আসে যখন সেই ধরনের চরিত্র আর মানায় না।”
তিন খানই এখন ষাটের ঘরে—এই বিষয়টি তুলে ধরে ইমরান বলেন, “তারা ৩০ বছরের যে তারকাখ্যাতি উপভোগ করেছেন, তার তুলনা করা বা কল্পনা করাও কঠিন। একজন অভিনেতার যাত্রায় পরিবর্তনটা স্বাভাবিক ও অনিবার্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রের ধরনও বদলাতে হয়।”
ইমরান আরও বলেন, খানদের কাজের পরিধি নিঃসন্দেহে অনন্য হলেও দর্শকের রূচি সময়ের সঙ্গে বদলায়।
“কিছু দর্শক থাকে যারা আপনার সঙ্গে বড় হয়, আবার নতুন প্রজন্মও আসে যারা নিজেদের বয়স ও অভিজ্ঞতার কাছাকাছি তারকার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়।”
বিষয়টি ব্যাখ্যা করে ইমরান বলেন, “আমরা যখন সিনেমা দেখি, তখন মূলত সেই গল্প বা চরিত্রে নিজেকে খুঁজে পাই। স্বাভাবিকভাবেই আপনি নিজের বয়স ও জীবনের অভিজ্ঞতার কাছাকাছি কারও সঙ্গে বেশি একাত্ম অনুভব করেন। নতুন প্রজন্ম হয়তো ৭০ বছরের একজন মানুষের গল্প দেখতে আগ্রহী নাও হতে পারে।”
একসময়ের জনপ্রিয় অভিনেতা ইমরান খান নিজেও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় তিনি আবারও কাজ করছেন পরিচালক দানিশ আসলামের সঙ্গে, যার সঙ্গে তিনি ২০১০ সালের ‘ব্রেক কে বাদ’ সিনেমায় কাজ করেছিলেন।
এই রোমান্টিক কমেডিতে আরও অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও গুরফতেহ পীরজাদা। কয়েক মাস আগে শুটিং শেষ হলেও সিনেমার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে শাহরুখের সিনেমা ‘কিং’ মুক্তি পাবে এই বছরের শেষ নাগাদ। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। শাহরুখ এই ডন হয়ে পর্দায় আসছেন।
দীর্ঘদিন প্রযোজনার কাজে মনোযোগ দেওয়ার পর গেল বছরের শেষ দিকে ফের পুরেদমে অভিনয়ে ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।
নির্দিষ্ট কোনো সিনেমারা নাম না জানিয়ে সে সময় আমির বলেছিলেন, “'কিছু চিত্রনাট্য' আমাকে অভিনয়ের দিকে ফিরিয়ে আনছে। ইতোমধ্যেই দুই–তিনটি নতুন চিত্রনাট্য আমাকে উচ্ছ্বসিত করছে। স্ক্রিপ্টগুলো আমাকে নড়াচড়া করাচ্ছে। তাই অভিনয়ে ফেরাটা এখনই ঠিক মনে হচ্ছে।”
আগামী ৭ এপ্রিলে প্রেক্ষাগৃহে আসবে সালমান খান অভিনীত ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবি। এতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান। ছবির গল্পে উঠে এসেছে দেশপ্রেম, আত্মত্যাগ ও সেনাদের সাহসিকতার কথা।
অপেক্ষা শেষ, এল শাহরুখের 'কিং' মুক্তির তারিখ