২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘একটি খোলা জানালা’য় রহস্যময় ফারিণ

'একটি খোলা জানালা' ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা।

‘একটি খোলা জানালা’য় রহস্যময় ফারিণ
ওটিটি প্ল্যাটফর্মে বিঞ্জের শর্ট ফিল্ম 'একটি খোলা জানালা'র পোস্টারে তাসনিয়া ফারিণ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

তীক্ষ্ণ চাহনি, হাতে স্টেথোস্কোপ, মাথায় নার্সিং ক্যাপ, হাসিমুখের অভিব্যক্তিতে যেন লুকিয়ে আছে এক রহস্য। এমনি এক লুকে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। 

ওটিটি প্লাটফর্ম বিঞ্জের ফেইসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে অভিনেত্রীর এমন পোস্টার। 

জানা গেছে, শর্ট ফিল্ম 'একটি খোলা জানালা'র ফার্স্ট লুক পোস্টার এটি। যেটি বিঞ্জে মুক্তির অপেক্ষায়। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

নির্মাতা ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা। 

“গল্পটা দেশের বাইরের একটা গল্প৷ সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রানাট্য তৈরি করা। নারীকেন্দ্রিক চরিত্রের গল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া।” 

ফারিণ ও নাদিয়া দুজনকেই নার্সের চরিত্রে দেখা যাবে জানিয়ে নির্মাতা বলেন, “এটা দুজন নার্সের গল্প। নারীকেন্দ্রিক গল্পে সবসময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি এটাও তেমন। দুজনের জন্য ও চরিত্রটা ধারণ করা খুব কঠিন ছিল। এর আগে তারা এই ধরনের চরিত্র করেনি। ফারিণের সঙ্গে এটা আমার প্রথম ওটিটি কাজ।”   

জুলাইয়ের প্রথম সপ্তাহে শর্ট ফিল্মটি মুক্তি পাবে জানিয়ে নির্মাতা বলেন, “এই ঈদে মুক্তিপ্রাপ্ত আমার দুটি কাজ 'তিথিডোর' এবং 'হাজত' যেভাবে দর্শক পছন্দ করছে তেমনভাবে এই কনটেন্ট নিয়েও আমি আশাবাদী।”

'তিথিডোর' নাটক থেকে কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, “এই কাজটার ক্ষেত্রে একটু অন্যরকম সাড়া পাচ্ছি। সবাই খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি যে রিভিউ বা কমেন্টগুলো পাচ্ছি সেগুলো কোনোটাই এক লাইনের না। প্রত্যেকেই তাদের জীবনের গল্পগুলো যেন আমাকে বলছে কমেন্ট বক্সে। আমি সব সময় যেরকম থ্রিল, সাসপেন্স নিয়ে কাজ করি এটা সেরকম গল্প না। আমার কাছে মনে হচ্ছে এ ধরনের গল্প বলাটা খুব জরুরি।”

গেল মে মাসে আত্নহত্যা করেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান। যিনি নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন । 

নাটকটি উৎসর্গ করা হয়েছে বলে জানান ভিকি জাহেদ।