০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সংসার করতে চান সানাই ও মূসা, তবে শর্ত আছে

আপসের বিষয়ে আগামী মঙ্গলবার দুই পক্ষের বৈঠক হবে।

সংসার করতে চান সানাই ও মূসা, তবে শর্ত আছে
আদালতে সানাই মাহবুব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

মডেল সানাই মাহবুব আদালতকে বলেছেন, স্বামী আবূ সালেহ মূসার সঙ্গে সংসার করতে তিনি রাজি, তবে সেজন্য তাকে শর্ত মানতে হবে। 

“ও (মূসা) যদি সংসার করতে চায় আমি সংসার করব। তবে আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে সেভাবে আমাকে দেখভাল করতে হবে।”

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এই শর্তের কথা তুলে ধরেন সানাই। 

পরে মূসাও বলেছেন, তিনিও সংসার করতে চান। তবে ‘অন্যরা যেভাবে করে’, সেভাবে সানাইকে সংসার করতে হবে। 

যৌতুক দাবির পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী মূসার বিরুদ্ধে মামলা করেছেন সানাই। সেই মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মূসা।

মূসার আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম আদালতকে বলেন, “আসামি বাদীর সাথে সংসার করতে চান।”

পরে বিচারক সানাইয়ের বক্তব্য জানতে চাইলে তিনি ওই শর্তের কথা বলেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক মামলাটি ‘আপোসযোগ্য’ বিবেচনায় মূসাকে জামিন দেন। 

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা বলেন, আপসের বিষয়ে আগামী মঙ্গলবার দুই পক্ষের বৈঠক হবে।

আদালতে আবূ সালেহ মূসা

আদালতে আবূ সালেহ মূসা

আদালত থেকে বেরিয়ে মূসা সাংবাদিকদের বলেন, “কিছুদিন আগে আমার চাকরি চলে যায়। এরপর থেকে সাংসারিক ঝামেলা হচ্ছিল। আমার বাবা কিছুদিন আগে মারা যান। বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলাম। 

“আমাদের একটা বড় লিচু বাগান ছিল, সেখানে অ্যাটাক হয়। মে মাসের ১৭ তারিখ বাড়িতে চলে যাই। এরপর হঠাৎ করে কার বুদ্ধি ধরে (সানাই) মামলাটা করে। কিন্তু আমাদের সাথে যোগাযোগ ছিল।”

তিনি বলেন, “আমি তার সাথে সংসার করতে চাই। তবে তার সেভাবে সংসার করতে হবে, অন্যরা যেভাবে করে।”

স্ত্রীর মাধ্যমে ‘নির্যাতিত’ হওয়ার পাল্টা অভিযোগ করে মূসা বলেন, “সে মিডিয়া ছেড়ে ধর্মের পথে আসার কথা বলছে। বলে সে সাধারণ মানুষ। আমিও তো একজন সাধারণ মানুষ।”

জামিন পাওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আদালত যা ভালো মনে করবেন সেটাই হবে।”

বন্ধুকে দিয়ে ‘ধর্ষণ ও গুমের’ হুমকির যে অভিযোগ সানাই করেছেন, সে বিষয়ে প্রশ্ন করলে মূস বলেন, “এটা মিথ্যা অভিযোগ।”

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ মে বিয়ে করেন সানাই ও মূসা। বিয়ের সময়ে সানাইয়ের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করার কথা বলে মূসা ‘টাকা চান’। 

সেসময় সানাই নিজের ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে আরও সাত লাখ টাকা এনে দেওয়ার কথা বলেছেন মামলায়।

তার অভিযোগ, সেই টাকা মূসা খরচ করে ফেলেন। পরে তিনি ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তা দিতে অস্বীকার করলে ‘শারীরিক ও মানসিক নির্যাতন’ চালান। টাকা না দিলে ‘সংসার না করার’ হুমকি দেন।

সানাইয়ের ভাষ্য, সংসার টিকিয়ে রাখতে একাধিকবার তিনি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। 

সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিস পাঠান তিনি। নোটিস পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন বলে সাইয়ের ভাষ্য। 

এরপর গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মূসা।

পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।