অস্ট্রেলিয়ার কনসার্টে রুনা লায়লা, সঙ্গে ‘বেঙ্গল সিম্ফনি’
কনসার্ট দুটি হবে অগাস্ট মাসে।
অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ইমন চৌধুরী ও তার গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’।
অগাস্ট মাসের ১ ও ৮ তারিখে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে দুইটি কনসার্ট অনুষ্ঠিত হবে। সিডনিতে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের কনসার্টের আয়োজন করছে 'লিসেন ফর'। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির সঙ্গে আরও গান শোনাবেন পিন্টু ঘোষ ও আলেয়া বেগম।
ফেইসবুকে এক পোস্টে 'লিসেন ফর' বলছে, রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির শিল্পীরা ওই কনসার্টে গেয়ে শোনাবেন তাদের জনপ্রিয় গানগুলো।
অন্যদিকে ৮ অগাস্ট রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’ শিরোনামের আরেকটি আয়োজন। যা আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)।
কনসার্টটি নিয়ে বেঙ্গল সিম্ফনির ইমন চৌধুরী গ্লিটজকে বলেন, "কনসার্ট দুইটি নিয়ে আমরা খুব অপেক্ষায় আছি, অসাধারণ ভেন্যুতে সাজানো হয়েছে এই আয়োজন। আশা করছি দর্শকরা আমাদের কাছ থেকে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন।"
