১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপনি এত দৌড়াতে পারেন, দেখে উৎসাহ পাই: খুরশীদ আলমকে ডলি জহুর

পুরো আয়োজনজুড়েই এমন উষ্ণতা আর হাস্যোজ্জ্বল মুহূর্ত ছড়িয়ে ছিল।

আপনি এত দৌড়াতে পারেন, দেখে উৎসাহ পাই: খুরশীদ আলমকে ডলি জহুর
ডলি জহুর এবং খুরশীদ আলম ও তার মেয়ে মেহনাজ আলম দিয়া

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 06:54 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ঢোকার আগের খোলা জায়গায় দাঁড়িয়ে সংগীতশিল্পী খুরশীদ আলম কথা বলছিলেন সেখানে আরও কয়েকজন অতিথির সঙ্গে। সামনের দিকে এগুতে গিয়েও বর্ষীয়ান এই শিল্পীকে দেখে সেখানে থমকে যান অভিনেত্রী ডলি জহুর। 

দুই পুরনো দিনের শিল্পী একে অন্যকে খুঁজে পেয়ে খুশি হয়ে ওঠেন ছেলেমানুষের মত।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো এক আয়োজনে প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেখানেই ঘটেছে ঘটনাটি।

ডলি জহুর হাসতে হাসতে বললেন, “মানুষ এত এনার্জেটিক হয় কী করে? আপনাকে (খুরশীদ আলম) দেখে আমি উৎসাহিত হই আপনি এখনো এত দৌড়াতে পারেন!”

খুরশীদ আলমও রসিকতা করে জবাব দিলেন, “আপনাদের দেখে আমি উৎসাহিত হই। এই যে এ বয়সে দৌড়াদৌড়ি করতে পারি বলেই তো আপনার সঙ্গে দেখা হল।”  

অনুষ্ঠানে খুরশীদ আলমের সঙ্গে ছিলেন তার মেয়ে মেহনাজ আলম দিয়া। 

মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ৮০ বছর বয়সী খুরশীদ আলমকে নিয়ে ডলি জহুর মজা করে বললেন, “তোমার বাবাকে দেখে তো এখনো ১৬ বছরের তরুণ মনে হয়!”

খুরশীদ আলম বলেন, ‘বটেই তো’। 

এরপর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

সন্ধ্যা ৭টার এ আয়োজন শুরুর আগে থেকেই অনুষ্ঠানস্থলে হাজির হতে থাকেন অতিথিরা। অনুষ্ঠানে এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন বিনোদন অঙ্গনের বহু পরিচিত মুখ। ছিলেন রাজনীতিসহ নানা অঙ্গনের মানুষ। তাদের মধ্যে ছিল পুরনো দিনের স্মৃতিচারণ, উচ্ছ্বাস আর আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রামেন্দু মজুমদার, অধ্যাপক ও অভিনয়শিল্পী দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান ও নিমা রহমান, অভিনেতা মুকিত জাকারিয়া, জিতু আহসান, শরিফুল রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাবরিনা জামান রিবা ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

সংগীতজগতের তারকাদের মধ্যে এসেছিলেন ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা, অদিতি মহসিন, নকীব খান, নাসিম আলি খান, পথিক নবী, দিলশাদ নাহার কনা, ফিডব্যাক ব্যান্ডের ফোয়াদ নাসের বাবু ও লাবু রহমান, শিরোনামহীনের জিয়াউর রহমান জিয়া, এ কে রাহুল ও তার দল।

আরও উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু, নির্মাতা তানিম নূর, শঙ্খ দাশগুপ্ত, মোহাম্মদ তাওকীর ইসলাম ও অপরাজিতা সংগীতা।