২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মঞ্চে আসছে নাটক ‘সেনিওরা কারারের রাইফেল’

ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে চারটি প্রদর্শনী হবে এই নাটকের।

ঢাকার মঞ্চে আসছে নাটক ‘সেনিওরা কারারের রাইফেল’
‘সেনিওরা কারারের রাইফেল’ নাটকের দৃশ্য। ছবি: বোধিনাট্যর সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

স্প্যানিশ গৃহযুদ্ধের পটভূমিতে নির্মিত যুদ্ধবিরোধী ও মানবিক সংগ্রামের গল্পে ঢাকায় মঞ্চস্থ হতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার বার্টোল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘সেনিওরা কারারের রাইফেল’।  

ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিনে চারটি প্রদর্শনী হবে এই নাটকের।   

‘সেনিওরা কারারের রাইফেল’ দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায়। শেষদিন থাকছে নাটকের দুইটি প্রদর্শনী, একটি বিকেল সাড়ে ৪টায়, আরেকটি সন্ধ্যায়। 

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘থিয়েটার ইউল্যাব’ ও ‘বোধিনাট্যর’ যৌথ উদ্যোগে নাটকের আয়োজন করা হয়েছে। বাংলা অনুবাদ করেছেন সুখময় বসু, রূপান্তর ও নির্দেশনায় তত্ত্বাবধায়ক সরওয়ার জাহান উপল।  

নাটকের চিত্রনাট্য একজন বিধবা নারী, তেরেসা কারারকে ঘিরে। মা হিসেবে নিজের পরিবারকে আগলে রাখার আকাঙ্ক্ষা, অন্যদিকে নিজের বিশ্বাসের বিপরীতে গিয়ে দোটানায় প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই দেখতে পাওয়া যাবে নাটকটিতে।    

‘সেনিওরা কারারের রাইফেল’ নাটকের দৃশ্য। ছবি: বোধিনাট্যর সৌজন্যে। 

‘সেনিওরা কারারের রাইফেল’ নাটকের দৃশ্য

নিরপেক্ষতা বজায় রেখে যুদ্ধের আগুন থেকে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে এই নাটকে কেবল এক পরিবারের কাহিনি নয়, বরং বিশ্বজনীন মানবতা, প্রতিবাদ ও সংগ্রামের প্রতীক হিসেবে দেখানো হয়েছে তেরেসাকে।  

শিক্ষার্থীদের জন্য নাটকের টিকেটমূল্য রাখা হয়েছে ১০০ টাকা। আর সাধারণ দর্শকদের জন্য ২০০ থেকে ৫০০ টাকার বিভিন্ন ক্যাটাগরিতে টিকেট পাওয়া যাবে।   

নাটকটির সার্বিক তত্ত্বাবধান ও প্রযোজনায় রয়েছেন মুনতাসির মামুন ও থিয়েটার ইউল্যাবের নাট্যকর্মীরা।