শাহরুখের ঘুম ভাঙার অপেক্ষায় ছিলেন হিনা, কেমন ছিল প্রথম সাক্ষাৎ?
“আমি অপেক্ষা করতে থাকি, এরপর বিমান অবতরণ করে। ভাবলাম, আর সুযোগ হল না।”
বলিউডি তারকা শাহরুখ খানের সাক্ষাৎ পেতে সাধারণ ভক্তদের তো অপেক্ষা থাকেই, ইন্ডাস্ট্রির নবীনরাও কম মুখিয়ে থাকেন না। তাদের অনেকের কাছে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি গুরুত্বপূর্ণ। টেলিভিশন তারকা হিনা খান সেই তালিকায় যুক্ত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, এক পডকাস্টে গিয়ে হিনা বলেন একটি ফ্লাইটে শাহরুখের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিলন। সেদিন ক্লান্ত থাকা সত্ত্বেও শাহরুখ তার সঙ্গে যে ধরনের সৌজন্যপূর্ণ আচরণ করেছিলেন, তা আজও মনে আছে হিনার।
রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লের পডকাস্ট ‘পিওভি’-তে হিনা সে গল্প বলেছেন। হিনি যখন শাহরুখের দেখা যান, ইন্ডাস্ট্রিতে তিনি সবেমাত্র কাজ করেছেন।
ফ্লাইটে অভিনেতাকে নিজের পাশের আসনে বসে থাকতে দেখে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না হিনা।
হিনার কথায়, “একবার দেখার পর জোরে নিঃশ্বাস নিয়ে ফের তাকিয়ে দেখি, পাশে শাহরুখ খান, তবে তিনি ঘুমোচ্ছিলেন। প্রথমে বিশ্বাসই করতে পারিনি।”
শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন হিনা। কিন্তু তখনও অভিনেতার ঘুম আর ভাঙে না। এর পরে যখন অভিনেতা কফি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন, হিনা তখন একটি ছবি তোলার আর্জি রাখেন।
শাহরুখ তখন হিনাকে অপেক্ষা করতে বলেন এবং ছবি তুলবেন বলে প্রতিশ্রুতিও দেন। কিন্তু, কফি খাওয়ার পরে নাকি ফের ঘুমিয়ে পড়েন শাহরুখ।
হিনা বলেন, “আমি অপেক্ষা করতে থাকি। এর পর বিমান অবতরণ করে। ভাবলাম, আর সুযোগ হল না। কিন্তু, ততক্ষণে শাহরুখ ঘুম ভেঙে উঠে আমাকে ডাকেন। তার পরে ছবি তুলি।”
এর পরেও একই কোচে উঠেছিলেন তারা। শাহরুখ নাকি তখন শেষের আসনে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন। সেই সময় শাহরুখ একটি সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন এবং বেশ কয়েক দিন ঘুমোতে পারেননি বলেও জানিয়েছেন হিনা। হিনার কথায়, চূড়ান্ত ক্লান্তি সত্ত্বেও কথা রেখেছিলেন বলিউডের বাদশা।
শাহরুখ আপাতত ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার কাজে। ওই সিনেমা দিয়ে শাহরুখ কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে চলেছে।
