এখনও ছায়ায় ইলিয়ানার ‘সঙ্গী’
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে নামপরিচয়হীন ওই ব্যক্তির সঙ্গে ইলিয়ানাকে ‘ঘনিষ্ঠ’ মুহুর্তে পাওয়া যায়।
অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানা চর্চার মধ্যে আড়ালে থাকা সেই ‘রহস্যপুরুষের’ ছবি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। না, তাতে অবশ্য ইলিয়ানা ভক্তদের খুশি হওয়ার কোনো কারণ নেই। নতুন ছবিতে সেই পুরুষ আবছায়াই রয়ে গেছেন।
ইলিয়ানার ভাষায় এই পুরুষই তার ‘রক’। তবে এই ‘রকই’ ইলিয়ানার অনাগত সন্তানের বাবা কীনা তা প্রকাশ করেননি এই অভিনেত্রী।
টামস অব ইন্ডিয়া জানিয়েছে, ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে নামপরিচয়হীন ওই ব্যক্তির সঙ্গে ইলিয়ানাকে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তে পাওয়া যায়।
‘গর্ভবতী হওয়া একটি সুন্দর আশীর্বাদ’ জানিয়ে ইলিয়ানা লিখেছেন, “আমি ভাবিনি যে আমি কখনও এমন সময় অনুভব করব বা সেই সৌভাগ্য আমার হবে। তাই আমি এই যাত্রায় নিজেকে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বলে মনে করি।”
ইলিয়ানার ভাষ্য হল, তার ভেতরে একটি ‘প্রাণের’ বেড়ে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করার ভাষা তার নেই; তিনি কেবল অভিভূত।
গর্ভাবস্থার অনুভূতি তুলে ধরে এই অভিনেত্রী বলেন, “যেদিন আমার মন খারাপ হয়, তখন মনে হয় ও আমাকে দুহাতে জড়িয়ে আছে। ও বোধহয় বুঝতে পারে ঠিক সেই মুহূর্তে ওই আলিঙ্গন আমার প্রয়োজন।”
এই পরিস্থিতিতে কিছুই আর তেমন কঠিন বলে মনে হয় না বলে জানান ইলিয়ানা।
গত এপ্রিলে মা হওয়ার ঘোষণা দেন ইলিয়ানা, কিন্তু সন্তানের বাবার পরিচয় জানাননি।
ওই মানুষটির পরিচয় গোপনে রেখেই এই অভিনেত্রী মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে আংটি পরা একজন পুরুষের সঙ্গে নিজের হাতের ছবি শেয়ার করেছিলেন।
সেদিন ইনস্টাগ্রাম স্টোরিতেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এক ছবিতে সাগরপাড়ে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আভাস পাওয়া গেছে। পুরুষ হাতটির ওপরে ইলিয়ানা রেখেছিলেন নিজের হাত। দুজনের আঙুলে ছিল আংটি।
ওই ছবি দেখে জল্পনা শুরু হয় তবে কি এই মানুষটিই ইলিয়ানার সন্তানের বাবা!
