ইউরোভিশনের জয়ের মুকুট অস্ট্রিয়ার ঘরে
প্রতিযোগিতায় ইসরায়েল ৩৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং এস্তোনিয়া ৩৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
‘ইউরোভিশন সং কনটেস্টে’ ২৬ প্রতিযোগীর মধ্যে এবার জয়ের মুকুট উঠেছে অস্ট্রিয়ান গায়ক জেজের মাথায়।
শেষ মুহূর্তে ইসরায়েলকে পেছনে ফেলে সংগীতের এই আসরের শীর্ষস্থান দখল করে নিয়েছেন ২৪ বছর বয়সী এই অপেরা শিল্পী।
বিবিসি লিখেছে জেজে পপ-অপেরা ঘরানার ‘ওয়েস্টেড লাভ’ গেয়ে এই জয় পেয়েছেন। ৪৩৬ পয়েন্ট অর্জন করে জুরিদের বিচারে এবারের শ্রেষ্ঠ সংগীত হিসেবে বিবেচিত হয়েছে জেজের গাওয়া ‘ওয়েস্টেড লাভ’।
সুইডেনের বাসেল শহরে শনিবার এ প্রতিযোগিতার ৬৯তম আসর বসে। আসরের গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীর সঙ্গে বিজয়ীর নাম ঘোষণার পর গেলবারের বিজয়ী সুইজারল্যান্ডের গায়ক নিমো মেটলার ক্রিস্টাল ট্রফি তুলে দেন জেজের হাতে।
উচ্ছ্বসিত গায়ক জেজে বলেন, “আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।“
প্রতিযোগিতায় ইসরায়েল ৩৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং এস্তোনিয়া ৩৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ ও পঞ্জম স্থানে রয়েছে সুইডেন ও ইতালা। আর যুক্তরাজ্য ১৯তম স্থানে নিজেদের নাম রাখতে পেরেছে।
জেজের পুরো নাম জোহাসেন পিয়েতসাচ। পরিচিত জেজে নামে। বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করার পর তার ছোট বোন নিরাপত্তারক্ষীদের চক্রব্যুহ ভেদ করে ছুটে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকা ভাইকে জড়িয়ে ধরেন।
কৃতকজ্ঞতা প্রকাশ করে জেজে বলেছেন, তার পুরো পরিবার সেখানে উপস্থিত আছে। তাদের মধ্যে তার ৮৫ বছর বয়সী দাদা থেকে এবং চার মাস বয়সী ভাগ্নীও বাদ নেই।
অস্ট্রিয়া এই প্রতিযোগিতা জিতল তৃতীয়বারের মত। এর আগে ১৯৬৬ সালে উডো জার্গেন্সের মার্সি, ২০১৪ সালে কনচিটা ওয়ার্স্ট জয় পেয়েছিল। কনচিটা ইউরোভিশনে অংশ নেওয়ার জন্য জেজেকে অনুপ্রাণিত করেছিলেন বলে জানিয়েছেন এই গায়ক।
অনুষ্ঠানের পরে কথা বলতে গিয়ে, জেজে বলেছেন যে তিনি ‘এত খুশি’ যে দর্শকরা তার হৃদয়ের গল্পের সাথে যুক্ত হয়ে পড়েছে।
জেজে বলেন, “আমাদের জন্য এত ভালোবাসা আছে যা আমরা চারদিকে ছড়িয়ে দিতে পারি। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি।"
জেজে জানিয়েছেন, তিনি চান ২০২৬ সালের ইউরোভিশন তার শহর ভিয়েনাতে অনুষ্ঠিত হোক, যেটি সর্বশেষ ২০১৫ সালে এই প্রতিযোগিতা আয়োজন করেছিল। তিনি ওই আসরে উপস্থাপক হতেও আগ্রহও প্রকাশ করেছেন।
প্রতিযোগিতায় ইসরায়েলের অংশ নিয়ে এবারেও বিক্ষোভ হয়েছে। চূড়ান্ত প্রতিযোগিতার কয়েক ঘন্টা আগে বাসেলের রাস্তায় ফিলিস্তিনি পন্থিরা বিক্ষোভ দেখিয়েছেন। ইসরায়েলের প্রতিযোগী যুবাল রাফায়েল জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও জুরিদের বিচারে জেজে এগিয়ে ছিলেন।
