১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বড়দিন: সম্প্রীতির বার্তা নিয়ে শিল্পকলায় সাংস্কৃতিক সন্ধ্যা

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 06:41 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। 

বুধবার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এ আয়োজন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই ছিল তেজগাঁও চার্চ কয়ার এর পরিবেশনায় ‘শীত মাঝে এলো বড়দিন’, ‘একটি শিশু জন্ম নিল’ ও ‘জর্ডান তীরে সূর্য উঠেছে’।

পরে 'পথ হারা পথিকরা আয়’, ‘তুমি মহান, তুমি মহান’ ও ‘আজ এলো যেই বড়দিন’ গান পরিবেশন করেন জুলিয়েট সুস্মিতা বাড়ৈ।

শিল্পকলা একাডেমি বলেছে, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন।

বড়দিনের এই সাংস্কৃতিক আয়োজন শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সবার জীবনকে আলোকিত করবে বলে আশা আয়োজকদের।

ডলোরেস দোলা কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যান্ড গীতসিমানী ওরশীপ পরিবেশন করে ‘ফেলিজ ন্যাভিয়ালাদ’, ‘এসো ভক্তবৃন্দ, করো জয়ধ্বনি’,  ‘জন্মেছেন প্রভু যীশু’ ও  ‘শুনো স্বর্গদূতের রব’ গানগুলো।

জ্যানেট বাড়ৈ নীরব পরিবেশন করেন 'রাত, পূণ্য রাত' ও 'ক্যারল অফ দি বেলস গানগুলো। 

সবশেষে মঞ্চে ওঠে ব্যান্ড এফ মাইনর। তারা একে একে পরিবেশন করেন ‘খাদং জাচিম (গারো সংকীর্তন)’, ‘আজ প্রভু এসেছেন আমাদের’ ও ‘উড়াও বিজয় পতাকা’ (কীর্তন)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) ও একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।