Published : 06 Sep 2025, 10:58 AM
ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ঘিরে গান ও সিনেমায় স্মরণ করা হয়েছে অভিনেতাকে।
শনিবার এই অভিনেতার ২৯তম মৃত্যুবার্ষিকী। এদিন বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠানের। যেখানে রয়েছে সালমান শাহ অভিনীত গান আর সিনেমা।
বিজ্ঞপ্তিতে বৈশাখী টিভি জানিয়েছে, ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন। এরপর প্রচার হবে সালমান শাহ অভিনীত দুইটি সিনেমা।

সকালে প্রচার হবে সিনেমা ‘অন্তরে অন্তরে’। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী। সিনেমায় আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব,নাসির খান, শওকত আকবর,ফকরুল হাসান বৈরাগীসহ অনেকে। সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পায়।
দুপুর আড়াইটায় দেখা যাবে ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমা। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাহনাজ, শাবনূর,শাবানা, আলমগীর, মিশা সওদাগরসহ অনেকে।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ওই সময়ে সাড়া তোলা সিনেমা ‘সত্যের মৃত্যু নেই’।
সালমানের জন্মদিনের ছয়দিন আগে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল এবং সেটাই করা হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান এই নায়ক।
সিনেমার পরিচালক ছটকু আহমেদ পরিচালক ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটিকে ‘ব্যবসাসফল’ বর্ণনা করে গ্লিটজকে বলেছেন, সেসময় এই চলচ্চিত্রটি কোটি কোটি টাকা ঘরে তোলে।

“সিনেমায় আব্দুল মান্নানের কণ্ঠে 'চিঠি এল জেলখানাতে' গানটি শুনে হাজার হাজার দর্শক কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়েছিল। গানের কথাগুলো ছিল মৃত্যু নিয়ে। প্রিয় নায়কের মৃত্যু মানতে না পেরে দর্শকের মধ্যে কান্নার রোল পড়েছিল।“
চার বছরের অভিনয় ক্যারিয়ারে সালমান সিনেমা করেছেন ২৭টি। 'মৃত্যু রহস্য, অভিনয়, ফ্যাশন' নিয়ে সব প্রজন্মের কাছে এখনো চর্চিত নাম সালমান শাহ।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্ম সালমান শাহর। শৈশবে সংগীতের পাঠ নিয়েছিলেন ছায়ানটে, গেয়েছেন গানও।
বিনোদনজগতে সালমানের যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে।
সোহানুর রহমান সোহানের পরিচালনায় নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত' করে ১৯৯৩ সালে বাজিমাত করে দেন সালমান। এই সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার পায় সালমান-মৌসুমী জুটি। তবে সালমানের ক্যারিয়ারের ২৭টি সিনেমার ১৩টির নায়িকাই ছিলেন শাবনূর।
'তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’সহ আরও কিছু সিনেমা সালমান উপহার দিয়েছেন।
সিনেমায় আসার আগেই সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ইস্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ পরিবার ও ভক্তরা। তাদের ভাষ্য, সালমান শাহকে হত্যা করা হয়েছে।
তুমুল জনপ্রিয় এ চিত্রনায়কের মা নীলা চৌধুরী বলছেন, “সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর যদি সে আত্মহত্যাও করে- সেটা তো সামিরার কারণে। তার কারণে আমি আমার ছেলেটাকে হারিয়েছি।”
এই মামলা যদি না চলে, নতুন করে হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: