২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শাকিবের বলিউড যাত্রা?

আগামী মাসের প্রথম সপ্তাহে বারাণসীতে শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

এবার শাকিবের বলিউড যাত্রা?

শাকিব খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 10:15 PM

Updated : 26 Jul 2023, 10:15 PM

গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসার পর থেকেই শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ জনপ্রিয়তার তু্ঙ্গে। ‘প্রিয়তমা’র আঁচ দেশ ছাড়িয়ে আমেরিকা-কানাডাতেও ছড়িয়েছে। এবার এই সিনেমার সাফল্যের মধ্যেই নতুন চমক এলো। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, শিগগিরি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শাকিব।

সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে বারাণসীতে শুটিং শুরু করবেন অভিনেতা আর টানা ৩৫ দিন ধরে চলবে শুটিং। 

সংবাদ প্রতিদিন আরো জানিয়েছে, এই সিনেমায় শাকিবের বিপরীতে থাকতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাচী দেশাই। এছাড়া নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিলও সম্ভাব্য অভিনেত্রী তালিকায় রয়েছেন। 

বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা। বাংলা ও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। 

সিনেমার নাম ও নির্দেশনা সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। 

অবশ্য, এ বিষয়ে এখনো শাকিবের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

এছাড়াও খবর ছড়িয়েছে, দীর্ঘ পাঁচ বছর ফের টলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন শাকিব। 

সূত্র বলেছে, অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার নতুন সিনেমায় কাজ করতে অগাস্টে কলকাতায় যাবেন তিনি। 

সর্বশেষ ২০১৮ সালে টলিউডের ‘নাকাব’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।