১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রবিন উইলিয়ামসের মৃত্যুর কারণ বিষণ্ণতা নয়, জানালেন স্ত্রী

বিষণ্ণতার কারণে নয়, লুই বডি ডিমেনশিয়া (এলবিডি) নামক বিরল রোগের কারণে মৃত্যু ঘটেছে তার।

রবিন উইলিয়ামসের মৃত্যুর কারণ বিষণ্ণতা নয়, জানালেন স্ত্রী

রবিন উইলিয়ামস

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 06:53 PM

Updated : 19 Aug 2023, 07:17 PM

রবিন উইলিয়ামসের রসিকতার শিকার হয়েছেন হলিউড তারকা থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি স্বয়ং পোপ পর্যন্ত। যাকে মনে করা হতো অফুরন্ত প্রাণশক্তির অধিকারী, সেই রবিন উইলিয়ামস নিজেই তার জীবনাবসান ঘটান ২০১৪ সালে।

গুণী এই অভিনতো জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছেন বিষণ্নতায়। তার অভিনীত ‘মনে দাগ কাটা’ প্রায় সব চরিত্রই তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে থাকা এক মানুষ। শোনা যায়, দীর্ঘ বিষাদগ্রস্ততার সঙ্গ লড়াইয়ে ক্লান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। 

প্রয়াত উইলিয়ামসের স্ত্রী সুসান স্নেইডার যদিও এমনটা মনে করেন না। 

মারকা ডটকম বলেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সুসান জানান, অভিনেতার মৃত্যু বিষণ্ণতার কারণে নয়, বরং লুই বডি ডিমেনশিয়া (এলবিডি) নামক বিরল রোগের কারণে ঘটেছে। 

ময়নাতদন্ত রিপোর্টে উইলিয়ামসের শরীরে এই রোগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সাধারণত রোগটি নির্ণয় করা কঠিন বলে জানান সুসান । এ জাতীয় স্নায়বিক রোগ রোগীর চিন্তা, আচরণ এবং চলাফেরায় মারাত্মকভাবে প্রভাব ফেলে।

স্বামীর মৃত্যু সম্পর্কে সুসান বলেন, “রবিন বিষণ্নতা কারণে আত্নহত্যা করেননি। বিষণ্নতা এই রোগের পঞ্চাশটি লক্ষণের ছোট্ট একটি। ওর ময়নাতদন্তের পর ডাক্তাররা আমাকে বলেছিল, ‘রবিনের মস্তিষ্ক পুরোপুরি ‘লুই বডি’তে আক্রান্ত ছিল, শুনলে তুমি কি অবাক হবে? যখন আমি জানিও না লুই বডি বিষয়টা কী।

“এতটা প্যারানয়ড হওয়াটা রবিনের স্বভাবের সাথে যায় না। এই লক্ষণগুলো প্রায় ১০ মাস ধরে আরও খারাপ হতে থাকে। এলবিডির সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হল, এর উপসর্গগুলো একবারে ধরা পড়েনা। সেগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়, যা রোগী এবং তার আশপাশের মানুষের জন্য বেশ বিভ্রান্তিকর হয়ে থাকে।” 

১৯৫১ সালে শিকাগোতে জন্ম নেয়া রবিন উইলিয়ামসের অভিনয়ে হাতেখড়ি সেই স্কুল জীবনে, নাটকের ক্লাবে। পরে নিউ ইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পান তিনি।

সেখানেই এক শিক্ষকের অনুপ্রেরণায় নিজেকে একজন দক্ষ কমেডিয়ান হিসাবে গড়ে তুলতে থাকেন উইলিয়ামস।  

১৯৭০ এর দশকে টিভি শো মর্ক অ্যান্ড মিন্ডিতে এলিয়েন চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছে রবিন উইলিয়ামস হয়ে ওঠেন পরিচিত মুখ। মঞ্চে কমেডিয়ান হিসাবে দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় চালিয়ে যেতে থাকেন।

প্রায় চার দশকের ক্যারিয়ারে অ্যাওয়াকেনিংস, দ্য ফিশার কিং, পপাই, হুক, আলাদিন, জুমানজি, দ্য বার্ডকেইজ, নাইট অ্যাট মিউজিয়ামের মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। 

‘গুড উইল হান্টিং’ এ তাকে দেখা যায় একজন মনোবিদের ভূমিকায়। ওই চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯৭ সালে তিনি অস্কার পান। 

১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ডেড পোয়েটস সোসাইটি’কে অনুপ্রেরণাদায়ী একটি কালজয়ী চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেন বোদ্ধারা।

অস্কার ছাড়াও দুইবার এমি, চারবার গোল্ডেন গ্লোব, পাঁচবার গ্র্যামিসহ বহু পুরস্কার পেয়েছেন উইলিয়ামস।