২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রকফেস্টে মঞ্চ মাতাবে ৩২ ব্যান্ড

আইসিবি এক্সপো জোনে মঙ্গল ও বুধবার সকাল ১১টায় শুরু হবে ঢাকা রকফেস্টের তৃতীয় আসর।

ঢাকা রকফেস্টে মঞ্চ মাতাবে ৩২ ব্যান্ড

আয়োজকদের সঙ্গে অংশগ্রহণকারী কয়েকটি ব্যান্ডের সদস্যরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 07:06 PM

Updated : 26 Dec 2022, 07:06 PM

দেশের ৩২টি ব্যান্ডের অংশগ্রহণে মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রক গানের আসর ‘ঢাকা রকফেস্ট ৩.০’। প্রতিদিন ১৬টি ব্যান্ডের পরিবেশনায় সকাল ১১টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত। ইতোমধ্যে আয়েজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রকফেস্ট অনুষ্ঠিত হবে রাজধানীর আইসিব এক্সপো জোন-এ।

মঙ্গলবার মঞ্চ মাতাবে- আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক ও উন্মাদ।

বুধবার থাকবে আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজের পরিবেশনা।

এবছরের শো সম্পর্কে স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম গ্লিটজকে বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মতো এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তরুণদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।”

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ বলেন “বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ঢাকা রক ফেস্ট আমাদের সেই প্রচেষ্টারই বহিঃপ্রকাশ।”

সকাল ১১টায় কনসার্ট শুরু হলেও সকাল ১০টায় গেট খোলা হবে। টিকেট পাওয়া যাচ্ছে রকফেস্টের ওয়েবসাইটে।