Published : 22 May 2026, 12:59 PM
ঈদে মুক্তি পেতে চলা ‘রইদ’ সিনেমার গানের কনসার্ট বসছে রাজধানীতে।
ছুটির দিনে শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই আসর বসছে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
এ আয়োজনে মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি গান গেয়ে শোনাবে। তাদের সঙ্গে থাকবে রইদ সিনেমার টিম।
ফেইসবুকে এই কনসার্টের খবর দিয়েছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। পোস্টে গানের আসরে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এরি মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার ও তিনটি গান। মুক্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ‘রইদ–এর গান’ কনসার্ট করছে তারা। এরই অংশ রবীন্দ্র সরোবরে এই আয়োজন।
'হাওয়া' খ্যাত নির্মাতা সুমন ‘রইদ’ সিনেমা নিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন।
গেল মাসে সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ মুক্তি দিয়ে ঈদের প্রচারণা শুরু করেছে নির্মাতা ও প্রযোজকরা।
রইদ’ সিনেমার চিত্রনাট্য সাদু, তার মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী সুস্থ না হওয়ায় তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাধু। সাধু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন।

কিন্তু সাধুর স্ত্রী শেষ পর্যন্ত ঠিক বাড়ি ফিরে আসেন।
চিত্রনাট্যে দেখানো হয়েছে বাড়ির তালগাছ থেকে একটা করে ফল পড়ে এবং সাধুর স্ত্রী ফিরে আসে। হাজার বছরের পুরোনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন।
গেল বছরের ডিসেম্বরে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারেও উঠে এসেছে এসব দৃশ্য।
সিনেমাটি তৈরির পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেছিলেন, "সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।"
সিনেমায় সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়াসমিন রিয়াদসহ আরও অনেকে।
‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আর প্রযোজনা করছে বঙ্গ।
সিনেমাটি চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন' বিভাগে নির্বাচিত হয়েছিল। সেখানেই সিনেমার প্রথম প্রিমিয়ার হয়।