Published : 15 Jul 2026, 11:08 PM
বর্ষার আবহে নেচে-গেয়ে শিল্পকলা একাডেমিতে হয়ে গেল সংগীত সন্ধ্যা ‘বর্ষায় নজরুল’।
বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও রেজাউদ্দিন স্টালিন অনুষ্ঠানে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহু গান আছে বর্ষা নিয়ে, অনেক কবিতা আছে। তিনি বাংলাদেশের ষড়ঋতুকে গভীরভাবে ভালোবেসেছিলেন।
“তার ‘নমঃ নমঃ নমো বাংলাদেশ মম, চির-মনোরম চির মধুর’ গান ও কবিতায় ষড়ঋতুর যে বর্ণনা রয়েছে, তা মনে করিয়ে দেয় তিনি যেন বাংলাদেশের একটি মানচিত্র এঁকেছেন। তার শ্রাবণ ও বৃষ্টি নিয়ে রচিত গান-কবিতাগুলো আমাদের হৃদয়কে বারবার স্পর্শ করে এবং সম্মোহিত করে রাখে।”
সাংস্কৃতিক পর্বের শুরুতে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা ‘রিমি ঝিমি রিমি ঝিমি মন দেয়া বরষে’ গানের তালে সমবেত নৃত্য পরিবেশন করেন। এরপর একাডেমির কণ্ঠশিল্পীরা পরিবেশন করেন সমবেত সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ এবং ‘মেঘের ডমরু ঘন বাজে’।
অনুষ্ঠানে একক নজরুল গীতি পরিবেশন করেন শিল্পী ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা, ইয়াসমীন মুস্তারী, খায়রুল আলম শাকিল ও প্রিয়াংকা গোপ।
নজরুলের বর্ষার গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যের বিভিন্ন দল।