ঈদ উৎসবে শিল্পকলায় ‘বিস্ময়কর সবকিছু’
শনি ও রোববার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়া কক্ষে নাটকটির প্রদর্শনী হবে।
ঈদ উৎসবে এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ এর অনুবাদ নাটক ‘বিস্ময়কর সবকিছু’।
আগামী শনি ও রোববার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়া কক্ষে নাটকটি মঞ্চায়িত হবে, যার টিকেট মূল্য ধরা হয়েছে ১০০টাকা।
অভিনয়শিল্পী মহসিনা আক্তার বলেন, “সীমিত সংখ্যক দর্শক নাটকটি দেখার সুযোগ পাবেন এবং বিস্তারিত জানতে ও আসন বুকিংয়ের জন্য ০১৭১৩২০৯০৯১ নম্বরে যোগাযোগ করতে হবে। নাট্যকলার ছাত্র/ছাত্রী ও থিয়েটার কর্মীরা অগ্রাধিকার পাবেন।”
স্পর্ধা প্রযোজিত এ নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। নাটকের গল্প একজন নারীকে ঘিরে। সে সাত বছর বয়সে তার আত্মহত্যাপ্রবণ মাকে বাঁচাতে বিস্ময়কর সবকিছুর তালিকা শুরু করে। চেষ্টা করে কীভাবে নিজের মাকে জীবনের প্রতি আগ্রহী করে তোলা যায়। এভাবেই মাসের পর মাস বছরের পর বছর কেটে যায়।
ছোট্ট মেয়েটি বড় বড় হতে থাকে আর তার সঙ্গে সঙ্গে চলতে থাকে মাকে বাঁচানোর জন্য জীবনের ছোট-বড় সব বিস্ময়কর জিনিসের তালিকা করা। মাকে সে বাঁচাতে পারে না। কিন্তু সব বিরূপতা সত্ত্বেও সে খুঁজে বের করে নিজেকে বাঁচিয়ে রাখার উপায়। বিস্ময়কর সবকিছুর তালিকা জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়।
শিল্পকলা একাডেমির কার্যবিবরণী থেকে জানা যায়, নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ থেকে নাটকটি ৬৪ জেলায় মঞ্চায়নের জন্য শিল্পকলা একাডেমিকে প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ শিল্পকলা একাডেমিতে এক সভা হয়। প্রাথমিকভাবে ঢাকায় কয়েকটি প্রদর্শনী আয়োজনের পর দেশব্যাপী এর প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।
