বিহারেও করমুক্ত ‘ভাগ মিলখা ভাগ’
ফারহান আখতার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ বিহারেও করমুক্ত প্রদর্শনের সুযোগ পেয়েছে। মুক্তির পরপরই সিনেমাটি করমুক্ত প্রদর্শনের সুযোগ পায় গোয়া এবং মধ্য প্রদেশে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এক কেবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেন। বলা হয়েছে, “এ উদ্যোগের মধ্য দিয়ে দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। সিনেমাটি একজন মহৎ ক্রিড়াবিদের জীবন নিয়ে নির্মিত আর তাই এ উদ্যোগ।”
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সিনেমাটি মুক্তির পরপরই আলোড়ন সৃষ্টি করেছে বক্স অফিসে। আর অল্প সময়েই একশ’ কোটি রুপির সিনেমার ক্লাবে স্থান করে নিয়েছে। সিনেমায় ফারহানের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর।
