শাহরুখের বিরুদ্ধে শিশুর লিঙ্গ নির্ধারণের অভিযোগ
সম্প্রতি গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণের অভিযোগে ফেঁসেছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। কিছুদিন আগে মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে শাহরুখ আবারও পুত্রসন্তানের বাবা হতে যাচ্ছেন। যা তারা জানতে পারেন সারোগেসির মাধ্যমে। আর এ তথ্যের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থাকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
ভারতে জন্মের আগেই শিশুর লিঙ্গ নির্ধারণ অবৈধ। আর সেখানে ওই বলিউডি দম্পতি কীভাবে তাদের আসন্ন সন্তানের লিঙ্গ জানতে পেরেছেন এ বিষয়ে তদন্ত করবার নির্দেশ দিয়েছে রেডিওলজিস্ট অ্যসোসিয়েশন।
ভারতীয় রেডিওলজিকাল অ্যান্ড ইমাজনিং অ্যাসোসিয়েশন (আইআরআইএ) শাহরুখকে জন্মের আগেই তার শিশুর লিঙ্গ নির্ধারণ এবং এ বিষয়টি প্রচারের দায়ে অভিযুক্ত করেছেন। আর এ কারণে, অবৈধভাবে শিশুর লিঙ্গ নির্ধারণের দায়ে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপও গ্রহণ করা হবে বলে জানা যায়।
এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং স্বাস্থ্যমন্ত্রী সুরেশ শেট্টিকেও মেইল পাঠানো হয়েছে। এ তথ্য যদি সত্য প্রমাণিত হয় তবে, শাহরুখের বিরুদ্ধে আইন ভঙ্গের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
যদিও এ বিষয়ে মুখ খুলছেন না শাহরুখ এবং গৌরি। শাহরুখ তার শিশুর লিঙ্গ ভারতের বাইরে নির্ণয় করেছেন কি না এ বিষয়েও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।
