‘ব্যোম ব্যোম বোলে’ ধ্বনিতে রঙিন মেজাজে সালমান
চলতি মাসের ৩০ তারিখে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’।
দোল উৎসব আসার আগেই আবির উড়িয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খান।
ঈদের সিনেমা ‘সিকান্দারের’ নতুন গান ‘ব্যোম ব্যোম বোলেতে’ এক ঝাঁক সহশিল্পীকে সঙ্গে নিয়ে রঙ উৎসবে মেতে উঠতে দেখা গেছে সালমান খানকে। সঙ্গে আছেন নায়িকা রাশমিকা মানদানাও।
গানটি প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়।
‘ব্যোম ব্যোম ভোলে’ গানটির কথা লিখেছেন সমীর অঞ্জন এবং সুর দিয়ে সংগীত আয়োজন করেচেন প্রীতম। আর কণ্ঠ দিয়েছেন সমীর অঞ্জন।
চলতি মাসের ৩০ তারিখে মুক্তি পাচ্ছেন ‘সিকান্দার’।
মুক্তির আগেই এই হিন্দি সিনেমাটি বাজেটের ৮০ শতাংশ উশুল করে নিয়েছে বলে জানিয়েছে এর প্রযোজনা সংস্থা।
পরিচালক এ আর মুরুগাদোস ‘সিকান্দার’ বানিয়েছেন ২০০ কোটি রুপিতে। নেটফ্লিক্স ‘সিকান্দারের’ স্ট্রিমিং রাইটসের জন্য দিয়েছে ৮৫ কোটি রুপি। ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে এই সিনেমার। জি মিউজিক মিউজিক্যাল রাইটস কিনেছে ৩০ কোটির বিনিময়ে।
সব মিলিয়ে মুক্তির আগে ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি আয় করেছে সালমানের নতুন সিনেমাটি।
এই সিনেমার উৎপাদন খরচ ১৮০ কোটি এবং প্রচার খরচ পড়েছে ২০ কোটি রুপি।সব হিসেব করে দেখা গেছে ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে।
সালমান ‘সিকান্দারে’ হাজির হবেন দ্বৈত চরিত্রে। এজন্য ভাইজান ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা গেছে। তবে বিষয়টি পরিস্কার নয়। কারণ সালমান, শাহরুখ খানসহ বড় বড় তারকারা সাধারণত সিনেমার মুনাফা থেকে একটি অংশ নেন।
সালমান শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তবে ওই সিনেমা বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিতে পারেনি। এরপর কয়েকটি সিনেমায় ক্যামিও দৃশ্যে সালমানের দেখা পাওয়া গেছে।
