অক্ষয়ের কন্যার কাছে নগ্ন ছবি চাওয়ার ঘটনায় গ্রেপ্তার একজন
“নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়।”
বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের কন্যা নিতারা কুমারের অনলাইনে হেনস্থার শিকার হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের তথ্যপ্রযুক্তি অপরাধ দমন শাখা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভি লিখেছে, সাইবার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা যশস্বী যাদব জানিয়েছেন, গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অনলাইনে গেইম খেলার সময় ১৩ বছরের ওই কিশোরী নিতারাকে নগ্ন ছবি দিতে বলা হয়েছিল। সব ধরনের সাইবার অপরাধ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে কন্যার জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অক্ষয় সামনে আনেন গত বছরের অক্টোবরে।
‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত হয়ে অক্ষয় বলেছিলেন, অনলাইনে খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় নিতারার। প্রথম দিকে গেইম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিলেন। ভালো খেললে তারকাকন্যাকে প্রশংসায় ভরিয়েও দিয়েছিলেন।
এর পর ওই ব্যক্তি নিতারার কাছে জানতে চান সে ছেলে নাকি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে।
অক্ষয় বলেছিরেন, “নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়। ওই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু, নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়।
“সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।”
সেসময় অক্ষয় মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, স্কুলে নিয়মিত ‘সাইবার সেফটি’ নিয়ে আলাদা ক্লাস চালু করা হোক, যাতে শিশু কিশোররা এই ধরনের ঝুঁকি সম্পর্কে আগে থেকেই সচেতন করা যায়। একই সঙ্গে তিনি সাইবার দপ্তরেরও মামলা দায়ের করেন।
ঘটনাটি সামনে আসার পর তথ্যপ্রযুক্তি অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
