১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘রইদ’র নতুন গান, কানাই দাস শুনে যেতে পারলেন না

'হাওয়া' খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘রইদ’ সিনেমা নিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 08:26 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

ঈদের সিনেমা 'রইদের' দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ প্রকাশ্যে এসেছে।

এই গানে কণ্ঠ দিয়েছেন সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী বাউল সাধক কানাই দাস। 

বাংলার আধ্যাত্মিক লোকসংগীত ও বাউল দর্শনের আবহে নির্মিত গানটির রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী।

বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে কানাই দাস বাউলের মায়ামাখা কণ্ঠ, গভীর হাহাকার ও অন্তর্গত আবেগ গানটিকে এক অনন্য জায়গা তৈরি করে দিয়েছে। গানটির প্রতিটি পঙ্‌ক্তিতে রয়ে গেছে তার জীবনের শেষ সময়ের এক নিঃশব্দ বিদায়বেলা।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। দেশীয় লোকবাদ্যের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সংগীতের সংমিশ্রণে গানটিকে নতুন আবহে উপস্থাপন করা হয়েছে।

গানটি নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, “খুব দুঃখের বিষয়, কানাই দাস বাউলের মৃত্যুর পর গানটি প্রকাশ পেল। তাকে যদি এই কাজটি শুনাতে পারতাম, খুব ভালো লাগত। তবে তার সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্য দিয়ে থেকে যাবে।”

'হাওয়া' খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘রইদ’ সিনেমা নিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছে।

গেল মাসে সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ মুক্তি দিয়ে ঈদের প্রচারণা শুরু করেছে নির্মাতা ও প্রযোজকরা।

রইদ’ সিনেমার চিত্রনাট্য সাদু, তার মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী সুস্থ না হওয়ায় তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাধু। সাধু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন।

কিন্তু সাধুর স্ত্রী শেষ পর্যন্ত ঠিক বাড়ি ফিরে আসেন।

চিত্রনাট্যে দেখানো হয়েছে বাড়ির তালগাছ থেকে একটা করে ফল পড়ে এবং সাধুর স্ত্রী ফিরে আসে। হাজার বছরের পুরোনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন।

গেল বছরের ডিসেম্বরে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারেও উঠে এসেছে এসব দৃশ্য।

সিনেমাটি তৈরির পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেন, "সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।"

সিনেমায় সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আর প্রযোজনা করছে বঙ্গ।

সিনেমাটি চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন' বিভাগে নির্বাচিত হয়েছিল। সেখানেই সিনেমার প্রথম প্রিমিয়ার হয়।