২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরের সঙ্গে বিচ্ছেদ ছিল ক্যাটরিনার জন্য ‘আশীর্বাদ’

দুই তারকার সম্পর্ক নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধে নেমেছিলেন তাদের দুই মা।

রণবীরের সঙ্গে বিচ্ছেদ ছিল ক্যাটরিনার জন্য ‘আশীর্বাদ’

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 04:07 PM

Updated : 15 Apr 2023, 04:47 PM

সাত বছর আগে প্রেম ভেঙে যাবার পর বলিউডের নায়িকা ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন, রণবীর সিংয়ের সঙ্গে তার সম্পর্কে যত জটিলতাই থাকুক বা যাই থাকুক, সেটি আজীবন তিনি ‘বয়ে’ বেড়াবেন। প্রেমে বিচ্ছেদকে নিজের জীবনে ‘আশীর্বাদ' হিসেবেও দেখছিলেন তিনি।

দুই তারকার ‘সম্পর্ক’ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বাগযুদ্ধে নেমেছিলেন তাদের দুই মা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়েছে রণবীরের মা নীতু কাপুরের সোশ্যাল মিডিয়ায় একটি ধোঁয়াশাপূর্ণ পোস্ট ঘিরে। ওই পোস্টের পাল্টা জবাবও দিয়েছেন ক্যাটরিনার মা সুজান টারকোট।

‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকেই রণবীর ও ক্যাটরিনার প্রেমের গুজব ওঠে। ২০১৫ সালে এসে আনু্ষ্ঠানিকভাবে প্রেমের কথা গণমাধ্যমকে জানান রণবীর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় তাদের দীর্ঘ ছয় বছরের প্রেম। তবে বিচ্ছেদের পরও নিজেদের ভালো বন্ধু হিসেবে তুলে ধরেছেন তারা।

ভক্তদের জিজ্ঞাসা ছিল, কেন ভেঙেছিল প্রেম?

কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, তাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছিল যাতে দুজনের অহমে আঘাত লেগেছিল। তবে যা ঘটেছে তাতে তার কোন অনুশোচনা নেই বলেও জানান ক্যাটরিনা।

ক্যাটরিনার ভাষ্য, “আমি বুঝতে পেরেছিলাম, আমার জীবন খোলা পাতার মত ক্ষতবিক্ষত হয়েছে, দিন শেষে দুজনেই কিছু যন্ত্রণা পেয়েছি।”

যন্ত্রণা থেকে মুক্তি মিলেছিল কীভাবে জানতে চাইলে তিনি বলেন, “বই পড়ার মধ্যে ডুবেছিলাম , কাজে মনযোগী হয়েছিলাম। এবং বন্ধুদের পাশে পেয়েছিলাম। ”

রণবীরের সঙ্গে বিচ্ছেদে কোনো আক্ষেপ নেই জানিয়ে ক্যাটরিনা জানিয়েছিলেন, এই ধরনের অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ব করেছে, অতীত থেকে তিনি অনেক কিছু শিখছেন।

এই নায়িকা আরও বলেন তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটি বজায় থাকবে।

রণবীরকে বিদায় দিয়ে ক্যাটরিনা ব্যক্তিজীবনে জোট বাঁধেন ভিকি কৌশলের সঙ্গে। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা ও ভিকি।

আর ২০১৮ সাল থেকে রণবীরের সঙ্গে আলিয়া ভাটের বন্ধুত্ব,সেই থেকে প্রেম। ২০২২ সালের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। বিয়ের পাঁচ মাসের মাথায় তাদের সংসারে আসে কন্যা রাহা।