২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণমুখর দিনে ঢাকা এলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

গত কয়েকবছর ধরে নিয়মিত ঢাকা আসছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তার এবারের ভ্রমণে যোগ হয়েছে প্রকৃতির রং। ষড়ঋতুর দেশে ঢাকার আকাশ তাকে বর্ষার মুষলধারে বৃষ্টির মাধ্যমে সম্ভাষণ জানিয়েছে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 05:28 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

এবারই প্রথম টিভির সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন পণ্ডিত অজয়।

ঈদের দিন সকালে ঢাকায় পা রাখেন কলকাতাভিত্তিক শাস্ত্রীয় সংগীতের একাধারে গুরু এবং শিল্পী পণ্ডিত অজয়।

এদিকে ঈদের দিন থেকে ঈদের পরদিন সকাল পর্যন্ত বৃষ্টি যেন পিছু ছাড়েনি ঢাকাবাসীদের। এমনকি পরদিনও সকালে টানা বৃষ্টি হয়েছে এক ঘণ্টারও বেশি সময় ধরে।

ঈদের পরদিন সোমবার সকাল ১২টায় ঢাকা ক্লাবে দেশ টিভি আয়োজিত সাংবাদিক সম্মেলনে পণ্ডিত অজয় জানালেন, বৃষ্টির দরুণ ‘সবার সঙ্গে’ দেখা হচ্ছে না।

পণ্ডিত অজয় চক্রবর্তীর প্রতিবছর ঢাকা আসার একটি অন্যতম কারণ তৈরি করেছে বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি-এসআরএ আয়োজিত সংগীত উৎসব। প্রতিবারই অংশ নিয়েছেন উচ্চাঙ্গসংগীত উৎসবে। তবে উৎসবের আগে থেকেই তিনি ঢাকা আসেন এবং বারবার আসার কারণ হিসেবে ঋণ শোধ করার কথা জানালেন।

তিনি বলেন, “জন্মস্থানের ঋণ শোধ করতে এসেছি।”

Image
ঢাকা ক্লাবের অতিথিশালায় পণ্ডিত অজয় চক্রবর্তী, ১৯ জুলাই ২০১৫। ছবি: চিন্তামন তুষার

ঢাকা ক্লাবের অতিথিশালায় পণ্ডিত অজয় চক্রবর্তী, ১৯ জুলাই ২০১৫। ছবি: চিন্তামন তুষার

পণ্ডিত অজয়ের এবারের ঢাকা আসার উদ্দেশ্য দেশটিভির আমন্ত্রণ ঈদ আয়োজনের কলের গানের অংশ নেওয়া। যার মধ্যমে প্রথমবারের মতো ঢাকার কোনও স্টুডিও লাইভে অংশ নিতে যাচ্ছেন তিনি।

কী গাইবেন জানতে চাইলে গ্লিটজকে বলেন, “কিচ্ছু জানি না... সংগীত পরিবেশনা সময় ও পরিবেশের উপর নির্ভর করে। আগে থেকে কিছুই বলা যায় না।”

শাস্ত্রীয় সংগীত জগতে বর্তমান সময় অভিজ্ঞ এবং প্রথিতযশাদের মধ্যে অন্যতম একজন পণ্ডিত অজয়ের পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলায়। জন্মেছেন কলকাতায়। দেশ বিভাগের পর তার বাবা অজিত কুমার চক্রবর্তী থিতু হন কলকাতায়।

বাবার কাছেই সংগীতের হাতেখড়ি নিয়ে তিনি আরও শেখার উদ্দেশ্যে শিষ্যত্ব নেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, মুনওয়ার আলী খাঁন, কানাইদাস বৈরাগী প্রমুখ ওস্তাদ ব্যাক্তিত্যের।

বাংলাদেশে রাগাশ্রয়ী বাংলা গানের শিল্পী হিসেবে তার অধিক পরিচয় হলেও উচ্চাঙ্গ এবং লঘুজাতীয় সংগীতের প্রধান ধারাগুলোতে তার বিচরণ স্বাচ্ছন্দ্য। তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শ্যামাসংগীত গায়ক হিসেবে সমাদর পেয়েছেন। সিনেমায় প্ল্যেব্যাকও করেন। প্রাতিষ্ঠানিকভাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতার স্নাতক ডিগ্রীধারী তিনি।

পণ্ডিত অজয়ের অনুষ্ঠানটি দেশ টিভি সরাসরি দেখাবে ঈদের পরদিন সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে।