ঈদ মাতাতে আসছেন মিমও
ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমার ভিড়ে রয়েছে বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত 'পদ্ম পাতার জল' সিনেমাটিও। কাজেই অপু বিশ্বাস, মাহিয়া মাহি আর পরীমনির সঙ্গে সেরা হওয়ার দৌড়ে থাকছেন মিমও।
গ্লিটজের সঙ্গে আলাপে মিম বললেন, “ঈদের আর সব সিনেমা থেকে ‘পদ্মপাতার জল’ সিনেমাটি একেবারেই আলাদা। এর গল্প, কাহিনি ও নির্মাণশৈলী অন্যগুলো থেকে একেবারেই আলাদা। এই সিনেমার ক্যাম্পেইনে গিয়ে দেখেছি, তরুণ দর্শকরা এ সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তারা সিনেমাটির মুক্তির অপেক্ষায় মুখিয়ে আছেন। ঈদে সিনেমাটি ব্যবসাসফল হবেই।”
শতবর্ষ আগের এক জমিদার ও বাইজির প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মপাতার জল’ সিনেমাটি। সিনেমাতে মিম ফুলেশ্বরী নামে এক বাইজির চরিত্রে অভিনয় করছেন। এ চরিত্রটি ফুটিয়ে তোলা খুব সহজ ছিল না বলেই জানালেন মিম।
“সিনেমার ফুলেশ্বরী চরিত্রটি মোটেই সোজা ছিল না। এই চরিত্রটি রূপায়ন করতে গিয়ে গল্পটি বারবার পড়তে হয়েছে। অন্যরকম এক প্রস্তুতিও দরকার হয়েছিল। শতবর্ষ আগে ফুলেশ্বরী চরিত্রটি রূপায়ন করতে গিয়ে আমি প্রচুর সিনেমা দেখেছি। এ ধরনের চরিত্রে অন্য নায়িকারা কিভাবে সংলাপ বলতেন, তাদের চলনভঙ্গি কেমন ছিল, তাদের অভিনয়ের ঢঙ আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি।”
“আমি আর ইমন অনেকদিন থেকেই একটি দারুণ কাজ করার অপেক্ষা করছিলাম। ‘পদ্মপাতার জল’ সিনেমাটি এমনই একটি সিনেমা। এখানে দুজনই অভিনয়ের দারুণ সুযোগ পেয়েছি। পরিচালক তন্ময় তানসেনের সত্যি অনেক খাটুনি গেছে। ভীষণ খুঁতখুঁতে মানুষটি অভিনয়ের জায়গা থেকে কাউকে এতটুকু ছাড় দেননি। সিনেমার সাফল্যের বড় কৃতিত্বটি কিন্তু তার।”
এ সিনেমার বেশকটি দৃশ্যের শুটিং হয়েছে বান্দরবানের সুউচ্চ পাহাড়ে। সেখানে নেই জনবসতি। শুটিং চলাকালে তীব্র বাতাসের হানায় শুটিং বারবার ব্যহত হচ্ছিল। কিন্তু পরিচালক তন্ময় তানসেন ছিলেন নাছোড়বান্দা। প্রয়োজনীয় রসদ সরবরাহ করাও ভীষণ কঠিন হয়ে পড়েছিল বলে জানান মিম।
ঈদের সিনেমার বাজারে মিমের টক্কর হবে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনিদের সঙ্গে। মিমের ভাষ্যে প্রতিযোগিতা সুফলই বয়ে আনে।
সম্প্রতি মিম চুক্তিবদ্ধ হয়েছেন যৌথ প্রযোজনার সিনেমা ‘রকেট’-এ। খুব শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাতে তার বিপরীতে থাকছেন টালিগঞ্জ তারকা সোহম চক্রবর্তী।
সিনেমাটি নিয়ে মিম বললেন, “সিনেমাটি একেবারেই মৌলিক গল্পের সিনেমা। পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা হবে এটি। টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রির দর্শক রিমেইক সিনেমাকে না বলেছে। তারা মৌলিক গল্পে নির্মিত সিনেমাগুলো দেখতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের পাশাপাশি পশ্চিমবঙ্গের কথাও মাথায় রাখা রয়েছে।”
