ফিরছে ‘ম্যালিফিসেন্ট’?
২০১৪ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ম্যালিফিসেন্ট’-এর সিকুয়াল তৈরি করার কথা ভাবছে ডিজনি। ঘুমন্ত রাজকন্যার গল্পকে নতুন আঙ্গিকে রূপালি পর্দায় নিয়ে আসার এই সিনেমায় মুখ্য চরিত্র - ম্যালিফিসেন্টের রূপদান করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। আরও একবার চরিত্রটি নিয়ে তিনি পর্দায় ফিরবেন কি না, সেটা নিয়েই এখন আলোচনা চলছে।
অস্কারজয়ী এই অভিনেত্রী সাধারণত সিকুয়ালে অভিনয় করেন না। ‘লারা ক্রফ্ট: টুম্ব রেইডার’ সিরিজের দুটি সিনেমায় অভিনয় এবং ‘কুংফু পান্ডা’ সিরিজের সিনেমাগুলোয় কণ্ঠদান বাদে আর কোন সিকুয়ালে এ পর্যন্ত দেখা যায়নি জোলিকে। না করে দিয়েছিলেন ‘সল্ট’ এবং ‘ওয়ান্টেড’-এর মতো সিনেমার সিকুয়ালের প্রস্তাব।
তবে ‘ম্যালিফিসেন্ট’-এর দ্বিতীয় পর্বে অভিনয় করতেও পারেন তিনি। নিজেই স্বীকার করেছেন এই চরিত্রে অভিনয়টা উপভোগ করেছিলেন তিনি।
আর তাই ‘ম্যালিফিসেন্ট’-এর সিকুয়ালে অভিনয়ের সম্ভাবনা নিশ্চিত না করলেও একেবারে উড়িয়েও দেননি তিনি।
“আমাকে কেউ এ বিষয়ে জিজ্ঞেস করেনি। আমি জানি না। আমি কল্পনাও করতে পারছি না। তবে দিনশেষে আমি মৃত নই। সেও (ম্যালিফিসেন্ট) এখনও আছে। আমি জানি না। তার চরিত্রে অভিনয় করতে দারুন ভাল লেগেছে আমার।”
ডিজনি অবশ্য কাজ গুছিয়ে নিয়েছে অনেকদূর। মূল সিনেমার চিত্রনাট্যকার লিন্ডা উলিভার্টন নেমে পড়েছেন নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। তিনিই কাহিনি সাজাচ্ছেন এমনভাবে, যেন ৪০ বছর বয়সী জোলি আবারও পর্দায় হাজির হতে পারেন।
আগের সিনেমাটির প্রযোজক জো রথ ফিরছেন প্রযোজক হিসেবে। তবে ‘ম্যালিফিসেন্ট’ দিয়ে প্রথমবারের মতো পরিচালনায় আসা অস্কারজয়ী প্রোডাকশন ডিজাইনার রবার্ট সমবার্গ ক্যামেরার পেছনে ফিরছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
১৮ কোটি ডলার বাজেটের ‘ম্যালিফিসেন্ট’ বিশ্বব্যাপি আয় করে নিয়েছিল ৭৬ কোটি ডলার।
