২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যচিত্রে নভেরা: কবে দেখবে আলোর মুখ?

সদ্যপ্রয়াত কিংবদন্তী ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ‘নভেরা: মাদার স্কাল্পটর অফ বাংলাদেশ’ নামে তথ্যচিত্র নির্মাণ শুরু করেন শিল্পী-নির্মাতা শিবু কুমার শীল। ২০০৯ সালে কাজ শুরু করলেও এখনও সম্পাদনার টেবিলে পৌঁছায়নি তথ্যচিত্রটি। 

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 11:24 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

২০০৬ সাল থেকে শুরু হয় এর পরিকল্পনা। তথ্যচিত্রটির কাজ শুরু হয় ২০০৯ সালে।

শিবু গ্লিটজকে বলেন, “এডিট করছি না, কারণ আমার আরও কিছু ফুটেজ দরকার। চাইলে সেটা শুট করতেই পারি। কিন্তু শেষ করা নিয়ে ভাবার সময় নিচ্ছি। তথ্যচিত্রের সাজেস্টিভ ফর্মের বাইরে যেতে চাচ্ছিলাম। সে কারণে অন্যান্য অপশন খুঁজতেও কিছুটা সময় চলে গেছে। পুরো কাজের প্ল্যান নিয়ে কিছুটা কনফিউশনও তৈরি হয়েছে। ব্যাক্তিগত উদ্যোগের ফলে আরও একটা টানাপড়েন তো আছেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে পড়াশোনা করা শিবু শিক্ষাজীবনেই নভেরা সম্পর্কে আগ্রহী হন। বললেন, মূল্যায়নের কোনো চেষ্টা না করে প্রকৃত নভেরাকে তুলে ধরতে চেয়েছেন তিনি।

“আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে আমার কোনো সিদ্ধান্তই সেই অর্থে থাকবে না। বরং সঠিকভাবে ডকুমেন্টেশন করার চেষ্টা করবো আমি। দেখে মানুষ নিজেই সিদ্ধান্ত নিবে-- কোনটা ঠিক আর কোনটা বেঠিক।”

নভেরা সম্পর্কে ওয়াকিবহাল, সমসাময়িক, নবীন-প্রবীন অন্তত ২৫ জনের সাক্ষাতকার নেওয়া হয়েছে তথ্যচিত্রের জন্য। এদের মধ্যে রয়েছেন, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মঈনুদ্দিন খালেদ, সৈয়দ শামসুল হক, সামসুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, কামাল হোসেন, মেহবুব আহমেদ, আরিফুল ইসলাম প্রমুখ।

শিবুর আশা, প্রদর্শিত শিল্পকর্মের স্থিরচিত্র এবং সাক্ষাৎকারের মাধ্যমেই তিনি তথ্যচিত্রটি গড়ে তুলতে পারবেন।

ভাস্কর্য শিল্পে পাশ্চাত্য থেকে শিক্ষা নেওয়া নভেরা আহমেদ দীর্ঘদিন ধরেই মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে অন্তরালে জীবনযাপন করছিলেন।

চারুকলার অধ্যাপক হাশেম খানের দেওয়া তথ্যমতে, ভাস্কর্য বিষয়ে পড়তে ১৯৫১ সালে লন্ডনে যান নভেরা। সেখানকার ক্যম্বারওয়েল আর্ট স্কুলে ভর্তি হন তিনি। সতীর্থ শিল্পী হামিদুর রহমানের সঙ্গে পরিচয় ও বন্ধুত্বও হয় তার সেখানেই।

১৯৫৭ সালে হামিদুর রহমান ও নভেরা আহমেদ কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু করেন।

শহীদ মিনার নির্মাণ অসমাপ্ত রেখে লাহোর যান নভেরা। এরপর থেকেই তিনি প্রবাসে অবস্থান করছিলেন। সবশেষে ফ্রান্সের প্যারিস সংলগ্ন দ্বীপ শথমেলে থিতু হন।

মঙ্গলবার রাতের কোন এক সময় শথমেলের নিজের বাসায় ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নভেরা আহমেদ।
 

পুরনো খবর:

নভেরা ও ফরিদীকে নিয়ে প্রামাণ্যচিত্র
নভেরার স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে ‘গড’স গিফট’