২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেরা ও ফরিদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

অভিনেতা হুমায়ুন ফরিদী ও ভাস্কর্যশিল্পী নভেরা আহমেদকে নিয়ে দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন নির্মাতা, সংগীতশিল্পী ও ভাস্কর্যশিল্পী শিবু কুমার শীল।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদীকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘ফিরে এসো চাকা’ নামে  ৪০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র।

তিনি গ্লিটজকে বলেন, “আমি হুমায়ুন ফরিদীর ভেতরের  মানুষটিকে ধরতে চেয়েছি। বাসায় একা থাকা, নিজের কাজ নিজে করা, নিজের মতো করে জীবনযাপন করা একজন হুমায়ুন ফরিদীকে দর্শকের কাছে তুলে ধরতে চেয়েছি।”

তিনি আরও বলেন, “ফরিদী মেলোড্রামা ও থিয়েট্রিক্যাল ধারায় যে কাজগুলো করেছেন, তা এক কথায় অসাধারণ। আমার প্রামাণ্যচিত্রে তার কাজের দিকটি নিয়ে কিছুটা তথ্য দিয়েছি।”

ভাস্কর্যশিল্পী নভেরা আহমেদকে নিয়ে ‘মাদার স্কাল্পটর’ নামে ৯০ মিনিটের আরেকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন শিবু।

তিনি বলেন, “অনেকে বলে নভেরার মূল্যায়ন হয়নি। চারুকলায় আমি তার বিভাগের শিক্ষার্থী ছিলাম। তাই তাকে নিয়ে অনুসন্ধানমূলক কাজ করার ইচ্ছা হয়েছিল ২০০৬ সালের দিকে। সেই থেকে তার সমসাময়িকদের সঙ্গে কথা বলে ও তাদের বিভিন্ন লেখার উদ্ধৃতি দিয়ে কাজটি শেষ করছি।”

তিনি জানান, সৈয়দ শামসুল হক, মেহবুব আহমেদ, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মঈনুদ্দিন খালেদ, আরিফুল ইসলামসহ অনেকের সাক্ষাতকার ও লেখার উদ্ধৃতি ব্যবহার করেছেন প্রামাণ্যচিত্রটিতে।

প্রামাণ্যচিত্র দুটি এ বছরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ নেবে বলে জানান নির্মাতা শিবু।

শিবু এর আগে সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোঁয়াড়ি’ গল্প নিয়ে নির্মাণ করেন ‘ইলিয়াসের খোঁয়াড়ি’।