২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেলে চ্যানেলে বৈশাখী আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকছে বিশেষ নাটক ও অনুষ্ঠান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 02:40 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

চ্যানেল আই

পহেলা বৈশাখ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনটি করছে চ্যানেল আই।  ১৪ এপ্রিল তারা আয়োজন করেছে হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ ১৪২২। ভোর সাড়ে পাঁচটায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে এ আয়োজন। এই অনুষ্ঠানের মূল আয়োজক রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সংগীত বিদ্যালয় সুরের ধারা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানেও থাকছেন বন্যা। এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি পারফর্ম করতে পারে বলে জানা গেছে।

অনুষ্ঠানস্থলে থাকবে বৈশাখী মেলার আয়োজন। মেলায় থাকবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা পণ্যেরে স্টল। বর্ষবরণ উৎসব চলবে দুপুর ২টা পর্যন্ত। হাজারো কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া ও অপু মাহফুজ।

চ্যানেল আইয়ের বৈশাখী অনুষ্ঠানমালায় থাকছে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে বৈশাখের নাটক ‘এই বৈশাখে’। ১৭ বছর পর একই শিরোনামে নাটকটি পুনর্নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। তখন এ নাটকে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ ও অপি করিম। এবার অভিনয় করেছেন কাজী আসিফ, মোহনা মিম, মুনমুন আহমেদ ও জুয়েল রানা।

নির্মাতা শাওন নাটকটি সম্পর্কে বলেন, “গত বছরের পহেলা বৈশাখে একটি প্রেমের গল্প নিয়ে কাজ করেছি। নতুন কোনো গল্প পছন্দ না হওয়ায় হুমায়ূন আহমেদের এই গল্পটা বেছে নিয়েছি। দেড় যুগ আগে ‘এই বৈশাখে’ নাটকটি নির্মাণের পেছনে কাজ করেছিলো একদল তরুণ। নাটকটির টাইটেলে লেখা ছিল, পরিচালনায় নূহাশ চলচ্চিত্র। এবারও নির্মাণের পেছনে রয়েছে নূহাশ চলচ্চিত্র।”

নাটকটি প্রচারিত হবে ১৪ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটে।

বাংলাভিশন

পহেলা বৈশাখে চলচ্চিত্র পাড়ার তারকারাও মেতে উঠবেন নববর্ষের আনন্দে। চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত চলচ্চিত্রে বর্ষবরণ উৎসবে যোগ দেবেন চলচ্চিত্রের একাল-সেকালের তারকারা। সকাল ১০টা থেকে বিএফডিসিতে শুরু হওয়া এ আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন।

দুপুর ২টা ২০ মিনিট থেকে বাংলাভিশন ঢাকার কলাবাগান মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে বৈশাখী উৎসব। চারদিন ধরে চলা এই উৎসবে গাইবে নগর বাউল, শিরোনামহীন, আর্টসেল, চিরকুটের মতো ব্যান্ডগুলো।

বাংলা নববর্ষে বাংলাভিশনের অনুষ্ঠানমালায় আরও থাকছে বিশেষ নাটক ‘মেহমান’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলিসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টা ৫ মিনিটে।

বাংলা নববর্ষ উপলক্ষে সাদি মহম্মদ, ফাতেমা-তুজ-জোহরা ও অনিমা রায়ের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ প্রচারিত হবে রাত ১১টা ২০ মিনিটে।

বৈশাখী টেলিভিশন

বন্দর নগরী চট্টগ্রামের বৈশাখী আয়োজনের খবর জানাবে বৈশাখী টেলিভিশন। চট্টগ্রামের ডিসি হল থেকে চ্যানেলটি সকাল ৬টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে পহেলা বৈশাখের অনুষ্ঠান। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।

বিকেল ৩টা থেকে চ্যানেলটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস থেকে বৈশাখী কনসার্ট সরাসরি সম্প্রচার করবে। এই অনুষ্ঠানে সংগীতশিল্পী তাহসান ও ব্যান্ডদল লালনের গান পরিবেশনের কথা রয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার তারকা আরেফিন শুভ ও মমকে নিয়ে শিহাব শাহীনও হাজির হবেন এ অনুষ্ঠানে।  

আরটিভি

ইয়াসমনি মুশতারী, অনিমা রায়, অনুপমা মুক্তি, আলিফ লায়লাদের পরিবেশনায় ‘বৈশাখী উৎসব’ সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে আরটিভি। বিকাল চারটায় সংসদ ভবন টি অ্যান্ডটি মাঠ থেকে বৈশাখী কনসার্ট সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

রাত ৮ টা ২০ মিনিটে প্র‌চারিত হবে ‌‌'ফাল্গুনে ভালবাসা বৈশাখে প্রেম' এর শেষ পর্ব। 

সারাদেশ থেকে দর্শকদের পাঠানো বাছাই করা গল্প থেকে ধারাবাহিকটির শেষ পর্ব নির্মিত হয়েছে। রোমান্টিক গল্পের এই নাটকে অভিনয় করেছেন রিয়াজ ও মম।

মাছরাঙা টেলিভিশন

মাছরাঙার বৈশাখী আয়োজনে সকাল ৯টা ২ মিনিট থেকে সরাসরি সম্প্রচারিত হবে পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা বৈশাখ।’ বিকাল ৩টা ২ মিনিটে চ্যানেলটি ধানমন্ডির আবাহনী মাঠ থেকে বৈশাখী কনসার্ট সরাসরি সম্প্রচার করবে।

বাঁধন-মাজনুন মিজান অভিনীত পহেলা বৈশাখের বিশেষ নাটক ‘তালাশ’ প্রচারিত হবে রাত ৯টা ২০ মিনিটে। নববর্ষের আয়োজন ‘জুঁইয়ের সাথে বৈশাখী সাজে’ প্রচারিত হবে ১১টা ৩০ মিনিটে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন কানিজ আলমাস খান, মীর সাব্বির ও ফারজানা চুমকি।

গাজী টিভি

গাজী টিভিতে সকাল ১০ টায় থাকছে বাংলা ছায়াছবি ‘কি যাদু করিলা’। ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলমগীর, ববিতা, রিয়াজ, পপি।

বিকাল ৩টায় প্রচারিত হবে লোক গানের অনুষ্ঠান ‘ফোক ফিউশন’। এতে গান পরিবেশন করবেন বেলাল খান এবং পুতুল। পহেলা বৈশাখের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ভালোবাসি গান প্রচারিত হবে বিকাল ৪টা ৫ মিনিটে। এতে গান পরিবেশন করবেন রাজীব, রিংকু, বিউটি এবং পুতুল। 

সন্ধ্যা ৬টায় জিটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখের ঢোল’।

এটিএন বাংলা

এটিএন বাংলার বৈশাখী অনুষ্ঠানমালা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে। ধানমন্ডি ক্লাব ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘আলোকিত বৈশাখ’ অনুষ্ঠানটি রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। বগুড়া পৌর চত্বর থেকে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে ৯টা ১০ মিনিটে। বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’ প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘এই বৈশাখে।’ এ নাটকে অভিনয় করেছেন তিশা, নিলয়, সাঈদ বাবুসহ আরও অনেকে।