২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনে রুবেল 

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে এবার দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। সহ-খেলোয়াড়দের মতো তিনিও একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্টানের ব্র্যান্ড দূত হতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 12:37 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস এন্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি) ইকরাম কবীর গ্লিটজকে জানিয়েছেন, ক্রিকেট তারকা রুবেল হোসেন রবির আসন্ন মার্কেটিং ক্যাম্পেইনে মডেল হতে যাচ্ছেন। 

মঙ্গলবার দুপুরে এফডিসির জসিম ফ্লোরে গিয়ে দেখা মিললো রুবেলের। রবির টি শার্ট পড়ে গলদঘর্ম হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। হাবভাব দেখে বোঝার উপায় নেই, এই প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করছেন। সহকারী পরিচালকদের কাছ থেকে বুঝে নিচ্ছিলেন তার সিকোয়েন্সগুলো।

দুপুরের খাবার বিরতিতে কথা বলার সুযোগ হলো রুবেলের সঙ্গে। সাংবাদিকরাও নানা প্রশ্ন নিয়ে তৈরি। কিন্তু বেঁকে বসলেন ইউনিটের হর্তাকর্তারা। শর্ত দিলেন, “কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না।”

রুবেল সাংবাদিকদের বলেন, “বিজ্ঞাপনের গল্পে আমাকে একজন ক্রিকেটার হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমি কাজটি করেছি। গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে আসতে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে রবি।”

সতীর্থদের মতো রুবেলও বিজ্ঞাপনে নিয়মিত হবেন না কি না এমন প্রশ্নের জবাবে বলেন, “আমি ক্রিকেটের লোক। বিজ্ঞাপনে কাজ করার সুযোগ খুব কম। তবে ভালো কোনো অফার পেলে বিবেচনায় থাকবে। সেক্ষেত্রে আমাকে কিভাবে উপস্থাপন করা হবে সেটাও মুখ্য ব্যাপার।”

রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশীদ বলেন, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেস বোলার রুবেল হোসেনকে নিয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত। রবির ‘জ্বলে উঠুন আপন শক্তিতে’ স্লোগানটি বাস্তবিকই ধারণ করেছেন তিনি।”