২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো

'গাহি মানুষের গান' - এই স্লোগান নিয়ে ঢাকার বিএফডিসি প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় চলচ্চিত্র উৎসব ২০১৫।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 06:02 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সৌজন্যে এবারের উৎসবে প্রদর্শিত হবে মোট নয়টি সিনেমা। উৎসবের প্রথম দিনে দেখানো হবে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এবং জহির রায়হান পরিচালিত 'জীবন থেকে নেয়া'।

পরবর্তী দুই দিনে প্রদর্শিত হবে 'নবাব সিরাজউদ্দৌউলা', 'মনপুরা', 'আসিয়া', 'রূপবান', 'উত্তরের সুর', 'পোড়া মন' এবং 'শুনতে কি পাও'। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

৩ এপ্রিল সকাল সাড়ে দশটায় উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

উৎসব উদ্বোধন করে তথ্যমন্ত্রী বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিবিদদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, কিন্তু চলচ্চিত্র জগতে এখনও তার কোনো প্রভাব পড়েনি। অতীতের সেই সোনালি দিনগুলোর দিকে ফিরতি যাত্রায় যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র, পুনরুজ্জীবিত হচ্ছে আমাদের সিনেমা শিল্প। আমার বিশ্বাস, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধেও হাতিয়ার হিসেবে কাজ করবে আমাদের চলচ্চিত্র।"

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমাম। তিনি বলেন, "ষাটের দশকে যখন আমরা কাজ শুরু করেছিলাম, তখন ছিল ছোট একটি স্টুডিও, সেখানে শুটিং করার জন্য ছিল ছোট একটি ফ্লোর। এর মধ্যেই আমরা কাজ করেছি। বিগত কয়েক বছরে চলচ্চিত্র আধুনিকায়ন সম্ভব হচ্ছিল না, তবে আমি আশাবাদী এ ব্যাপারে বর্তমান সরকার আমাদের সাহায্য করবেন।"