পুরুষ থরের চেয়ে জনপ্রিয় নারী থর
নারী থরকে নিয়ে মার্ভেলের কমিক বই বের করার ঘোষণা আসার পর থেকেই সাড়া পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। এখন দেখা যাচ্ছে, নারী থর জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে মূল থরকেও ।
নারী থরকে নিয়ে মার্ভেল প্রথম কমিক বই প্রকাশ করে ২০১৪ সালে। তখন থেকে এ পর্যন্ত চারটি সংখ্যা বিক্রি হয়েছে প্রায় বিশ হাজার কপি। যা ২০১২ সালে সর্বশেষ প্রকাশিত মূল থরের চার কমিক সংখ্যার বিক্রির চেয়ে বেশি।
বিবিসি জানাচ্ছে, কমিক বই ব্রিক্রির তালিকায় নারী থরের কমিক্স এখন উঠে এসেছে ছয় নম্বরে। এ পর্যন্ত এই কমিক বইয়ের ৯৩ হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছে।
বরাবরের মতোই অবশ্য এই তালিকার শীর্ষ তিন স্থান দখলে রেখেছে স্পাইডার-ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং ব্যাটম্যান।
নতুন এই নারী থরের প্রথম সংখ্যাও বিক্রির দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছিল থরের উদ্বোধনী সংখ্যা ‘গড অফ থান্ডার’-এর বিক্রিকে। ‘গড অফ থান্ডার’ বিক্রি হয়েছিল সাড়ে ৬৫ হাজার কপি। অন্যদিকে নারী থরের প্রথম সংখ্যা বিক্রি হয় দেড় লাখেরও বেশি কপি।
মূল থরের অষ্টম সংখ্যা বের হবে চলতি বছরের মে মাসে। কমিক বইটির লেখকরা দাবি করছেন এই সংখ্যাতেই নারী থরের রহস্য উদঘাটিত হবে।
