আসছে 'ফ্রোজেন টু'
আরও একবার পর্দায় ফিরবে বরফের রানী এলসা। ২০১৩ সালের অ্যানিমেটেড ফিল্ম 'ফ্রোজেন'-এর সিকুয়ালের কাজে হাত দিয়েছে ডিজনি।
সিএনএন মানি বলছে, সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এই খবর জানিয়েছেন ডিজনির নির্বাহী কর্মকর্তা বব ইগার। ভক্তদের জন্য এই সুখবর নিশ্চিত করেছেন ডিজনি স্টুডিওর ক্রিয়েটিভ প্রধান জন ল্যাসিটার। জানালেন, 'ফ্রোজেন' এর প্রায় সব কলাকুশলীই থাকছেন সিকুয়ালে।
বিশেষ করে নির্মাতা ক্রিস বাক এবং জেনিফার লি আবারও বসছেন পরিচালকের আসনে। কণ্ঠ দানকারী শিল্পীদের মধ্যে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছেন ক্রিস্টেন বেল এবং জশ গ্যাড।
২০১৩ সালের নভেম্বরে মুক্তি পাওয়া 'ফ্রোজেন'কে ধরা হয় ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল অ্যানিমেটেড ফিল্ম হিসেবে। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ১৩০ কোটি মার্কিন ডলার।
এছাড়া হোম ভিডিও বাজারেও ভেঙ্গেছে সব ধরনের রেকর্ড। খেলনার জগতেও ব্যাপক জনপ্রিয়তা পায় 'ফ্রোজেন'। এছাড়া 'ফ্রোজেন' থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশে তৈরি হয়েছে থিম পার্ক রাইড।
২০১৪ সালের জানুয়ারিতে 'ফ্রোজেন'- এর ব্রডওয়ে মিউজিক্যাল মঞ্চস্থ হয়। 'ফ্রোজেন ফিভার' নামের এক তথ্যচিত্র মুক্তি পেয়েছে সম্প্রতি।
