শনিবার পর্দা উঠছে নারী চলচ্চিত্র উৎসবের
দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশের পর্দা উঠছে শনিবার। চার দিনের এ উৎসবে প্রদর্শিত হবে নারী নির্মাতাদের নির্মিত ৭০টি চলচ্চিত্র।
উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত উৎসবে এবার অংশ নিচ্ছেন ২৯ দেশের নারী নির্মাতা। তাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেটেড চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’।
উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর মধ্য থেকে পাঁচটিকে অডিয়েন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে দর্শক ভোটের মাধ্যমে।
বাংলাদেশে নারীদের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করে তোলার উদ্দেশ্য নিয়ে এবারও উৎসবের শ্লোগান ‘নারীর চোখে চলচ্চিত্র’।
প্রত্যেকটি প্রদশর্নী সৌজন্য মূল্য ছাড়াই উপভোগ করতে পারবেন নারীরা।
১৪ মার্চ বিকেল ৪টায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবেন সিনিয়র অভিনেত্রী সারাহ বেগম কবরী।
উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন ও সেমিনার হলে।
১৫ - ১৭ মার্চ প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা ও বিকাল ৫টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। এছাড়াও ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে নারীদের জন্য চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। কর্মশালায় অংশ নিতে কোন ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে সেমিনার।
পরবর্তীতে দেশের সবগুলো বিভাগ ও জেলা-উপজেলা পর্যায়ে চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানান উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর।
উৎসবের গ্লোবাল নেটওয়ার্কিং পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল উইমেন্স ফিল্ম ফেস্টিভাল নেটওয়ার্ক, মেক্সিকান ফিল্ম ইনিষ্টিটিউট এবং নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান উইমেন মেইক মুভিজ। উৎসবটির এবারের টাইটেল স্পন্সর ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন।
উৎসবে আয়োজনে আরও সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আরএফএল গ্রুপ, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড এবং স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন শোণিত।
