শিশু চলচ্চিত্র উৎসব এ মাসেই
ঢাকা ও দেশের বড় শহরগুলোতে এক সঙ্গে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। উৎসবের অষ্টম আসরে অংশগ্রহণকারী ৪৫ দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া এ উৎসব অভিভাবকসহ শিশু ও কিশোরদের জন্য উন্মুক্ত।
উৎসবের মূল আর্কষন বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগে পাঁচটি পুরস্কারের জন্য লড়বে ৩০টি চলচ্চিত্র।
এবারই প্রথম তরুণ নির্মাতাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই প্রবর্তন করা হয়েছে তরুণ বাংলাদেশী প্রতিভা নামে নতুন প্রতিযোগিতামূলক বিভাগ। ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নেবেন এই বিভাগে। চলচ্চিত্রগুলো বিচারে ভারতের প্রবীণ নির্মাতা বুদ্ধদেব দাস গুপ্তকে প্রধান করে তিন সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে।
উৎসবের তৃতীয় দিন, ২৭শে জানুয়ারি সকাল ১১টায় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাল্যবিবাহ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটি আয়োজনে সহযোগিতা করছে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন। তাদের সহযোগিতায় খোলা হয়েছে সামাজিক চলচ্চিত্র বিভাগ। এই বিভাগে এবারের বিষয় বাল্যবিবাহ।
উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার দুপুর ১২টায় ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চিলড্রেনস ফিল্ম সোসাইটি (সিএফএস) বাংলাদেশ। সংবাদ সম্মেলনে উৎসবের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ। বক্তব্য রাখেন সিএফএস বাংলাদেশ এর সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।
এবারের উৎসবে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বিভাগীয় শহরে মোট ১৪টি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হবে।
রায়ীদ জানান, উৎসবের প্রতিটি ভেন্যু ও প্রদর্শনীতে শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য উৎসব কর্তৃপক্ষ বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছে।
তিনি আশা করেন প্রতিবারের মত এবারও বিভিন্ন দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার এই সুযোগ শিক্ষার্থীদের জন্য কাজে লাগাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
ছবি: সিএফএস বাংলাদেশ-এর সৌজন্যে।
