২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব সমাপ্ত

সপ্তাহব্যাপী সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শেষ হল শুক্রবার সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় সেরা পাঁচ চলচ্চিত্রের খুদে নির্মতাকে। উৎসব শেষ হয় পুরস্কার পাওয়া পাঁচ চলচ্চিত্রসহ আরও দুটি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শিশু চলচ্চিত্র উৎসব শুরু

সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয় উৎসবের মূল কেন্দ্র গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিশু চলচ্চিত্র সংসদের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী এবং উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইহযাদ, শিশু চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটির সদস্য ড. ইয়াসমীন হক।

অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় উৎসবের প্রতিযোগিতা বিভাগের সেরা পাঁচ চলচ্চিত্রকে। শুধু বাংলাদেশি শিশু নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে উৎসবটির  প্রতিযোগিতা বিভাগে এবার প্রদর্শন করা হয় ৩৩টি চলচ্চিত্র।

পাঁচ চলচ্চিত্রের নাম ঘোষণার মাধ্যমে নির্মাতাদের হাতে পুরস্কারের স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এবারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘জাদুর কাঠি’; এর নির্মাতা আশফাকুর রহমান আশিক।

আশিক পুরস্কার গ্রহণ করতে গিয়ে বলেন, “আমি আশাবাদী ছিলাম এবার একটা না একটা পুরস্কার আমি পাবই। তবে সেটা সেরার পুরস্কার হবে তা ভাবিনি। আমার কষ্ট সার্থক হয়েছে।”

দ্বিতীয় সেরা চলচ্চিত্র তাহা ইসমাইলির ‘লস্ট ইন দ্য পাস্ট’। বিশেষ পুরস্কার পেয়েছে তুষার চন্দ্র রায়ের ‘শখের ঘুড়ি’; সৈয়দা সামিয়া রহমান টুশির ‘ইনঅ্যানিমেট ওয়ার্ল্ড’ এবং আনানা জামান নিশির ‘দ্য চেয়ার’। নির্বাচিত প্রথম তিনজনের প্রত্যেকেই তাদের পরবর্তী সিনেমা তৈরির জন্য ২৫ হাজার টাকার আর্থিক প্রণোদনা পেয়েছেন।

সেরা চলচ্চিত্র নির্বাচনে গঠন করা হয় পাঁচ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড। বরাবরের মতো বোর্ডের সদস্যদের প্রত্যেকেই শিশু। এরা হলেন, সায়েদুল আবরার, অহর্নিশ অহনা, রূপকল্প চৌধুরী, কাশফিয়া হাসান মৌরি ও মোহম্মদ তৌকির হাসান।

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানকে উপজীব্য করে রাজধানীসহ পাঁচ বিভাগীয় শহরে এবারের উৎসব শুরু হয় ১ মার্চ থেকে।

আর্ন্তজাতিক এই উৎসবের আয়োজক বাংলাদেশ চিলড্রেন ফিল্ম সোসাইটি। শিক্ষা ও বিনোদনের জন্য শক্তিশালী মাধ্যম হিসেবে চলচ্চিত্রের যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে সংগঠনটি কাজ শুরু করে ২০০৬ সালে। সংগঠনটি গড়ে তোলার জন্য শুরু থেকেই কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা মোরশেদুল ইসলাম। তিনি উৎসবের সমাপনী অনুষ্ঠানের মঞ্চে জানান, পরবর্তী উৎসব হবে ২০১৫ সালের ২৪ থেকে ৩০ জানুয়ারিতে।

আগামী উৎসবে ‘সেরা শিশু অভিনেতা’ ও  ‘আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার’ প্রবর্তনের কথাও জানান তিনি।