শিল্পকলায় নানা ভাষার চলচ্চিত্র উৎসব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ ১২টি ভাষার চলচ্চিত্র নিয়ে আয়োজন করেছে ‘নানান ভাষার নানান ছবি’ শীর্ষক এক উৎসবের। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ মিলনায়তনে এ উৎসব শুরু হয়।
নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী আহমেদ মুকুল গ্লিটজকে বলেন, “ভাষার মাসে পৃথিবীর নানা দেশের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশের ভাষার চলচ্চিত্রে জীবনের নানা চালচিত্র ফুটে উঠেছে। উৎসবের প্রতিটি চলচ্চিত্রে শুধু বিনোদন নয়, দেশ-সমাজ-রাজনীতি নিয়েও নানা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।”
মুকুল জানিয়েছেন, এবারের উৎসব শুরু হচ্ছে মঙ্গোলিয়ার সিনেমা ‘মঙ্গল’ দিয়ে। তারপর একে একে প্রদর্শিত হবে তুর্কি ভাষার সিনেমা ‘কুমা দ্য সেকেন্ড ওয়াইফ’, কোরিয়ান সিনেমা ‘মাদার’, কাজাখ ভাষার ‘তুলপান’, বাংলা ভাষার ‘জীবন থেকে নেয়া’, চীনা ভাষার ‘হ্যাটং ডেস’, জাপানী ‘ফ্লোটিং উইডোস’, হিন্দি ‘সোয়াদেশ’, ইংরেজি ‘ট্রয়’, সার্বো-ক্রোয়েশিয়ান ‘হোয়েন ফাদার ওয়াজ অ্যাওয়ে অন বিজনেস’, ক্যান্টোনিজ ভাষার ‘আইপি: দ্য ফাইনাল ফ্লাইট’ এবং ফার্সি ‘দ্য কালার অব প্যারাডাইস’।
উৎসব চলবে ২৮শে ফেব্রুয়ারি অবধি।
