সিনেমায় আগ্রহী ত্রপা
মঞ্চ, টেলিভিশন, বেতার - তিন মাধ্যমে পদচারণা থাকলেও সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি ত্রপা মজুমদারের। তবে বড় পর্দায় অভিনয়ে ভীষণ আগ্রহ রয়েছে তার।
তিনি গ্লিটজকে বলেন, “সিনেমায় অভিনয়ে আমার ভীষণ রকমের ইচ্ছা। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুযোগ আসেনি।”
“আজকাল তো অনেক ধরনের চলচ্চিত্র হচ্ছে। নিশ্চিতভাবেই আমি বাণ্যিজিক চলচ্চিত্রের জন্য উপযুক্ত না। সেগুলো একেবারেই আমার মতো নয় এবং আমার কোনযোগ্যতাও নেই। অন্যান্য যে ধারার চলচ্চিত্রগুলো হচ্ছে…”
আত্মবিশ্বাসী কণ্ঠে ত্রপা বললেন, “আমার মনে হয় অন্যগুলোর চেয়ে অভিনয়ে আমি বেশি নাম্বার পাবো।”
তাই বোধহয় থিয়েটারের জন্য তিনটি নাটক নির্দেশনার অভিজ্ঞতা জমলেও ছোট পর্দায় নাটকের নির্দেশনা দেওয়ায় একেবারেই আগ্রহ নেই তার।
ত্রপা বলেন, “টেলিভিশনসহ অন্যান্য মিডিয়াতে আমার একেবারেই ইচ্ছা নেই। আমি একদমই টেকনিক্যালি সাউন্ড না। ক্যামেরা, এডিটিং—এসব কিছুই বুঝি না আমি।”
“এই কাজের মতো কঠিন কাজ খুবই কম। এই কাজের জন্য নির্দেশককে মোটামুটি সবকিছুই জানতে হয়। আমার যেহেতু অভিনয়ের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা একভাবে সাপোর্ট করেছে।”
থিয়েটার-এর ‘মাধবী’, ‘মেরাজ ফকিরের মা’, ‘স্পর্ধা’ নাটক তিনটিতে ত্রপার অভিনয় প্রসংশিত। টিভিতে তার অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’।
