২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইনফার্নো'তে ইরফান খান

‘দ্য ভিঞ্চি কোড’, ‘এঞ্জেলস অ্যান্ড ডিমনস’-এর পর এবার ড্যান ব্রাউনের ‘দ্য ভিঞ্চি কোড’ সিরিজের তৃতীয় উপন্যাস ‘ইনফার্নো’ থেকেও সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রন হাওয়ার্ড। বরাবরের মতো প্রফেসর রবার্ট ল্যাংডনের ভূমিকায় দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে। আর সিনেমায় গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে ভারতীয় অভিনেতা ইরফান খানকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সনি এন্টারটেইনমেন্টের প্রধান ডাগ বেলগ্রাড এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, “আমরা উচ্ছ্বসিত রন, টম এবং ব্রায়ানের সঙ্গে ল্যাংডন সিরিজের তৃতীয় সিনেমাটি নির্মাণের ব্যাপারে। ড্যান ব্রাউনের বেস্টসেলার উপন্যাসটি থেকে দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সব ধরনের উত্তেজনা, রহস্য এবং আন্তর্জাতিক অভিযানের আনন্দ উপহার দেবে ‘ইনফার্নো’।”

এবারের সিনেমাটির কাহিনি শুরু হবে ভেনিসে, যেখানে ল্যাংডন ঘুম থেকে জেগে আবিষ্কার করবেন তিনি একটি হাসপাতালে বন্দি। সেখানেই সিয়েনা নামের এক সেবিকার সহযোগিতায় তিনি বেরিয়ে পরবেন নিজের প্রাণ বাঁচাতে। সেখান থেকেই ল্যাংডন জড়িয়ে পরবেন তার জীবনের সবচেয়ে কঠিন রহস্যের জালে।

হলিউড রিপোর্টার বলছে, সিনেমায় ইরফান খানের চরিত্রটি হবে একটি রহস্যময় দলের কর্তার, পাকেচক্রে যাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ল্যাংডন। ফরাসি অভিনেতা ওমর সাইও অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

‘ইনফার্নো’ মুক্তি পাবে ২০১৬ সালের ১৪শে অক্টোবর।

হলিউডি সিনেমায় ইরফান খানের অভিনয় অবশ্য এখন আর নতুন কিছু নয়। বিগত কয়েক বছরেই তিনি অভিনয় করেছেন, ‘আ মাইটি হার্ট’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘দ্য আমেইজিং স্পাইডার-ম্যান’ এবং ‘লাইফ অফ পাই’-এর মতো সাড়া জাগানো সিনেমাগুলোয়। তবে এবারই প্রথমবারের মতো টম হ্যাঙ্কসের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের অন্যতম প্রতিক্ষিত সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এও দেখা যাবে ‘মকবুল’ খ্যাত এই অভিনেতাকে। সিনেমাটি মুক্তি পাবে ১২ই জুন।