ভয় পাইয়ে দেওয়া ট্রেইলার
ভৌতিক সিনেমা থেকে শিউরে উঠতে যারা ভালোবাসেন, তাদেরই ছবি ‘ক্রিমসন পিক’। এক ভুতুড়ে বাড়ি, এক খেলনার কারিগর আর এক অশরীরি নারী - ট্রেইলারেই জমজমাট এক ভয়ের সিনেমা হওয়ার ইঙ্গিত বহন করছে ‘ক্রিমসন পিক’।
আর তা হবে না কেন! সিনেমার পরিচালনায় আছেন ‘প্যানস ল্যাবিরিন্থ’ খ্যাত নির্মাতা গুয়ালার্মো দেল তোরো। তার অসামান্য নির্মাণ শৈলীর ঝলক মিলেছে ট্রেইলারেই। ট্রেইলারটিতে এমন এক বাড়ি দেখানো হয় যা রহস্যে ঘেরা এবং যেখানে অশরীরিদের বাস। সিনেমার কাহিনি শুরু হয় পারিবারিক এক করুণ ঘটনার পর। লেখিকা হতে চাওয়া এক নারী বাল্যবন্ধুর ভালোবাসা এবং রহস্যময় এক পুরুষের প্রতি আকর্ষণের দ্বন্দ্বে বাঁধা পড়েন। অতীত ভুলতে গিয়ে তিনি এমন এক বাড়িতে চলে আসেন যা মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে।
শুক্রবার ইউটিউবে প্রকাশ করার পরই ভাইরাল হয়ে যায় ট্রেইলারটি। এর দুটি ভার্শন রোববার পর্যন্ত প্রায় ২০ লাখ বার দেখা হয়েছে।
সিনেমায় অভিনয় করেছেন মিয়া ওয়াসিকোস্কা, জেসিকা চ্যাস্টেইন ও টম হিডলস্টোন। সিনেমাটি মুক্তি পাচ্ছে এ বছরের অক্টোবরে।
